
আজ মহানবমী, মঙ্গলবার। তাই আজ অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে হই হই করে ঠাকুর দেখার প্ল্যান করেছেন। যদিও ঠাকুর দেখতে বেরনোর আগে তাঁদের মনে প্রশ্ন, আজ কেমন থাকবে আবহাওয়া? নবমীতে কি বৃষ্টি হবে? নাকি খটখটে রোদের দেখা মিলবে? রাত পড়লে কি ঠান্ডার আমেজ থাকবে? আর এই সব বিষয় নিয়ে বড় আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়ে দিয়েছে, দেশ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বর্ষা। স্থানীয় বজ্রগর্ভ মেঘের থেকেই বৃষ্টি হচ্ছে। তাই আর সময় নষ্ট নয়, বরং নবমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া, সেটা জেনে নিন।
নবমীতে কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
অষ্টমীর সকালে বেশ রোদ পেয়েছে কলকাতাবাসী। গরম সইতে হয়েছে ভালই। রীতিমতো ঘামতে হয়েছে বাইরে বেরিয়ে। যদিও রাতের বেলায় অনেকটাই ঠান্ডা হয়েছিল আবহাওয়া। আর আজও এমন পরিস্থিতি থাকার সম্ভাবনাই প্রবল।
আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, মঙ্গলবার নবমীর দিন কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা প্রায় নেই। তাই আজ চুটিয়ে পুজো উপভোগ করতেই পারেন। বাধা হয়ে দাঁড়াবে না বৃষ্টি।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কী হবে?
কলকাতার মতো আবহাওয়া থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, দুই বর্ধমান, মেদিনীপুর সহ অন্যান্য জেলায়। এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বরং বেলা বাড়তে বৃদ্ধি পাবে গরম। আবার রাতের দিকে তাপমাত্রা কমবে। এটাই হল ভাল দিক।
উত্তরবঙ্গে কী হবে?
এই সময় উত্তরবঙ্গের আবহাওয়া মনোরম থাকবে। দার্জিলিং, কালিম্পং সহ অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে সকালের দিকে বেশি কিছু এলাকা কুয়াশায় ঢাকা থাকতে পারে। বেলা বাড়লে আবার বৃদ্ধি পাবে গরম। আর রাতের দিকে ঠান্ডার আমেজ চুটিয়ে উপভোগ করা যাবে।
আবার নিম্নচাপের আশঙ্কা
সবে বৃষ্টির রেশ কাটিয়ে উঠেছে বাংলা। এর মধ্যেই আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। এর জেরে ২৫ ও ২৬ অক্টোবর বর্ষণ হতে পারে। তবে আবহাওয়া পরিবর্তনশীল বিষয়। এটা যে কোনও সময় বদলে যেতে পারে। তাই সর্বশেষ আপডেটের উপর ভরসা রাখাই ভাল।