
নদিয়ার নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে আপ প্ল্যাটফর্মের শেষ প্রান্তে ঝোপের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টেশন লাগোয়া একটি দেশি মদের দোকানের পাশের ঝোপে ওই দেহটি বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল। মহিলার শরীরে একাধিক আঁচড়ের চিহ্নও দেখা গেছে বলে জানিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে স্থানীয়দের একাংশের আশঙ্কা, মহিলাকে ধর্ষণের পর খুন করে দেহটি সেখানে ফেলে রেখে যাওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও রেলপুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৪০ বছর। তিনি ওই এলাকার বাসিন্দা নন বলেই মনে করছে পুলিশ। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, এলাকায় চাপা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে এবং মানুষ এর জবাব ভোটে দেবে। পাশাপাশি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি।
অন্যদিকে, কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। পুলিশ ঘটনার সবদিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।