
আজ থেকে ঠিক ৮ মাস আগেও NCPI দলটির নাম জানতেন না বাংলার বেশিরভাগ মানুষ। কিন্তু সেই NCPI-ই আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের তৃণমূলকে গ্রামীণ স্তরে একের পর এক চালে মাত দিচ্ছে। মমতা তৃণমূল ছেড়ে দলে দলে ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন NCPI-তে। গ্রামীণ স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সংগঠনে দ্রুত প্রভাব বিস্তার করছে NDA-র শরিক দল NCPI. দলবদলের একের পর এক ঘটনা পরপর নজরে আসতে শুরু করেছে। উত্তরবঙ্গের ইসলামপুর ও গোয়ালপোখর থেকে দক্ষিণবঙ্গের মিনাখাঁ ও সন্দেশখালি পর্যন্ত একাধিক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে ন্যাশেনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া।
আচমকা মমতা তৃণমূল ছেড়ে বিপুল সংখ্যক নির্বাচিত জনপ্রতিনিধিরা NCPI-তে যোগদানের ফলে গ্রামে গ্রামে পরিবর্তিত হয়ে যাচ্ছে ক্ষমতার ভরকেন্দ্র। এই কাজে বিজেপির বৃহত্তর রাজনৈতিক কৌশল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। NCPI কি বাংলায় নিজেদের স্বাধীন সাংগঠনিক ভিত তৈরি করছে, নাকি পদ্ম শিবিরে যোগ দিতে ইচ্ছুক নেতাদের সরাসরি BJP-তে এন্ট্রি না হয়ে, তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের জন্য মধ্যবর্তী মঞ্চ হিসেবে কাজ করছে NCPI?
NCPI-র মুখপাত্র অনুরাগ সিং অবশ্য জানিয়েছেন, রাজ্যজুড়ে দলের সাংগঠনিক উপস্থিতি বাড়ছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক স্থানীয় স্তরের নিয়ন্ত্রণ তাদের হাতে আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। অনুরাগ সিং বলেন, "বাংলার একাধিক জায়গায় পঞ্চায়েত-সহ বিভিন্ন সংস্থায় আমরা বোর্ড গঠন করতে পেরেছি। আগামী দিনে আরও অনেক জায়গায় বোর্ড গঠন করতে চলেছি।"
উল্টোদিকে তৃণমূলের অভিযোগ, তাঁদের দল ভাঙতে একাধিক রাজনৈতিক সংগঠনকে কাজে লাগাচ্ছে বিজেপি। তবে এক্ষেত্রে বিজেপির বক্তব্যও স্পষ্ট। পদ্ম শিবিরের দাবি, তৃণমূলের সদস্যরা NCPI-তে যোগ দেবেন, নাকি অন্য কোথাও যাবেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
গ্রামীণ স্তরে সবচেয়ে বেশি দলবদল ঘটছে
মমতা তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের যে হিড়িক দেখা গিয়েছে তা সবথেকে বেশি ঘটছে গ্রামগুলিতেই। বসিরহাট লোকসভা কেন্দ্র এরমধ্যে উল্লেখযোগ্য। NCPI-র দাবি, এই এলাকায় তৃণমূলের হাত থেকে ১৩টি গ্রাম পঞ্চায়েত এবং দুটি পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে তারা।
এছাড়াও, মিনাখাঁয় তৃণমূলের নিয়ন্ত্রণে থাকা ২৩ সদস্যের পঞ্চায়েত সমিতির মধ্যে ১৩ জন NCPI-তে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিও। NCPI-র দাবি, পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। এরপর তিনি পদত্যাগ করেন। এর ফলে পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ বদলের পথ প্রশস্ত হয়।
পাশাপাশি, কুলটি গ্রাম পঞ্চায়েতেও দলবদল হয়েছে। সেখানকার ২০ জন সদস্যের মধ্যে ১৩ জন NCPI-তে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন উপপ্রধানও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় রাজনৈতিক সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সন্দেশখালি। সেখানেও আরও বড় সাংগঠনিক পরিবর্তন দেখা গিয়েছে। গত রবিবার রবিবার সন্দেশখালি-২ পঞ্চায়েত সমিতির ২৪ জন সদস্যের মধ্যে ১৭ জন NCPI-তে যোগ দেন। সন্দেশখালি-১ ব্লকের অধীন ন্যাজাট-২ গ্রাম পঞ্চায়েতের ২৬ জন সদস্যের মধ্যে ১৯ জনও দল ছেড়ে NCPI-তে যোগ দিয়েছেন। এছাড়াও সন্দেশখালি-২ ব্লকের আরও চারটি গ্রাম পঞ্চায়েতে দলবদল হয়েছে। সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের ১৭ জন সদস্যের মধ্যে ১১ জন, বেরমজুরের ১২ জনের মধ্যে ১০ জন, দুর্গামণ্ডপের ২২ জনের মধ্যে ১৪ জন এবং করাকাটির ২১ জন সদস্যের মধ্যে ১৫ জন NCPI-তে যোগ দিয়েছেন।
উত্তরবঙ্গেও কিন্তু দলবদল হচ্ছে
উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-২ পঞ্চায়েত সমিতির ১৬ জন সদস্য NCPI-তে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতিও। এর আগে ওই পঞ্চায়েত সমিতির ৩৩টি আসনের মধ্যে ২৬টিই ছিল তৃণমূলের দখলে। এছাড়াও কংগ্রেসের এক সদস্য NCPI-তে যোগ দিয়েছেন। এর ফলে ওই পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পেরেছে NCPI।
এমন দলবদলের পর থেকেই মমতা তৃণমূলের অভিযোগ, NCPI আসলে বিজেপির হয়ে কাজ করছে। NDA-র শরিক দলকে ব্যবহার করে বিজেপি পরিকল্পিতভাবে দলবদল করাচ্ছে এবং তৃণমূলের গ্রামীণ সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ প্রাক্তন শাসকদলের।
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, "বিজেপি বি-টিম এবং সি-টিম নামাচ্ছে। দিল্লিতে যে ২০ জন গিয়েছেন, তাঁরা বিজেপির এজেন্ট। এখানেও যাঁরা দলবদল করেছেন, তাঁরাও বিজেপির এজেন্ট। শুধু তৃণমূল নয়, অন্য দল থেকেও দলবদল করানোর চেষ্টা করা হয়েছে।"
প্রায় একই মনোভাব পোষণ করছেন, CPIM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। তবে তিনি TMC-কেও আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন, বাংলায় বিজেপির সাংগঠনিক বিস্তার ঘটানোর বৃহত্তর কৌশলের অংশ হিসেবেই NCPI-র উত্থান হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে তুলনা টেনে তিনি দাবি করেন, একসময় RSS-এর সমর্থনে বিজেপির রাজনৈতিক স্বার্থে কাজ করার উদ্দেশ্যেই তৃণমূল তৈরি হয়েছিল।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "আমরা আমাদের দলে অবাঞ্ছিত ব্যক্তিদের জায়গা দিতে চাই না। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে কিছু আপস করতে হয়। তৃণমূলের সদস্যরা NCPI-তে যোগ দেবেন, নাকি অন্য কোথাও যাবেন, সেটা তাঁদের নিজেদের সিদ্ধান্ত।"
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এককালে কংগ্রেস ও বাম দল থেকে নেতা-কর্মীদের নিজেদের দলে টেনে সাংগঠনিক শক্তি বাড়িয়েছিল TMC। সেই তৃণমূলকেই এখন একই ধরনের দলবদলের পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। আর এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে NDA-র শরিক দল NCPI.
তবে এখন পর্যন্ত NCPI-এর ক্ষমতা খাতায় কলমেই দেখা যাচ্ছে। মূলত স্থানীয় স্তরেই গ্রামের নেতা কর্মীরা NCPI-তে যোগ দিয়েছেন। তবে নির্বাচনে স্বাধীনভাবে NCPI কতটা জনমত নিজেদের দিতে নিতে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।