Advertisement

Cyclone Alert: বঙ্গোপসাগরে আবার নতুন ঘূর্ণিঝড়, নাম কী, কোথায় আছড়ে পড়তে পারে?

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। তারপর সেটি ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে। এই নয়া সাইক্লোনের বিষয়ে সব তথ্য রইল।

সাইক্লোন অ্যালার্টসাইক্লোন অ্যালার্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 12:51 PM IST
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ
  • তারপর সেটি ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে
  • এই নয়া সাইক্লোনের বিষয়ে সব তথ্য রইল

অর্ণব, মুরাসু এখন অতীত। বঙ্গোপসাগরে এবার নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম আকভান। এই নামটি দিয়েছে ইরান। যদিও ঘূর্ণিঝড় যে তৈরি হচ্ছেই, এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। যতদূর খবর, কয়েক দিনে এটি প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপরই এটি শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। 

এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, কবে তৈরি হতে পারে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়? এটি আছড়ে পড়বে ঠিক কোথায়? আসুন জেনে নেওয়া যাক। 

কবে তৈরি হচ্ছে নিম্নচাপ?
বারবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এমনকী পরপর দুটি ঘূর্ণিঝড়ও এসেছে। এমন পরিস্থিতিতে নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 


দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ১৩ নভেম্বর নাগাদ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এরপর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। যার ফলে ১৪ ও ১৫ নভেম্বর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় আবহাওয়া বিগড়ে যেতে পারে। দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। এমনকী দমকা হাওয়ায় গতি ছুঁতে পারে ৬০ কিলোমিটারের গতি।

এরপর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলেও হতে পারে। যদি সাইক্লোন হয়, তাহলে তার নাম হবে আকভান।

কোথায় আছড়ে পড়বে সাইক্লোন?
ইতিমধ্যেই এই নিম্নচাপের দিকে নজর রেখেছে একাধিক আবহাওয়া মডেল। সেখানে ইঙ্গিত মিলেছে নিম্নচাপটির আরও শক্তিশালী হতে পারে। 

তবে এর গতিপথ নিয়ে এখনও বিশেষ কিছুই জানা যায়নি। বিশেষজ্ঞদের একাংশের মতে, এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। নেল্লোর ও ওঙ্গোলের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করতে পারে বলে একাধিক পূর্বাভাসে অনুমান। তবে এই নিম্নচাপ যে সাইক্লোনে পরিণত হবেই, তেমন কোনও নিশ্চয়তা নেই। যদিও নয়া এই ঘূর্ণিঝড়ের দিকে নজর রেখেছে আবহাওয়া মডেলগুলি। তেমন কোনও আপডেট এলেই দ্রুত জানান হবে। 

Advertisement

আজ বৃষ্টি
বুধবার ভাইফোঁটা। আর এই দিনও রাজ্যের একাধিক জেলা ভিজতে পারে। এ দিন কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

যদিও শুধু দক্ষিণবঙ্গ নয়, রাজ্যের উত্তরের জেলাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির হতে পারে। তবে ভাল খবর হল, ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। 

আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, শুক্রবার থেকে রাজ্যের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে। শুষ্ক হবে পরিবেশ। তারপর তাপমাত্রাও কয়েক ডিগ্রি কমে যেতে পারে। তখন ঠান্ডার অনুভূতি লাগতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement