
ডিজিটাল অর্থনীতির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বড় উদ্যোগ নিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। সরকারি স্কুলগুলিতে চালু হতে চলেছে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে আধুনিক ডিজিটাল কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই ল্যাবে পড়ুয়াদের অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস (ভিএফএক্স), গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়্যালিটি (এক্সআর)-এর মতো আধুনিক প্রযুক্তির উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্দেশ্য, স্কুল স্তর থেকেই পড়ুয়াদের সৃজনশীল দক্ষতা গড়ে তোলা এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা।
এই উদ্যোগের মাধ্যমে শুধু প্রযুক্তিগত জ্ঞানই নয়, ডিজিটাল কনটেন্ট নির্মাণের বিভিন্ন ক্ষেত্রেও দক্ষতা অর্জনের সুযোগ পাবে পড়ুয়ারা। ফলে উচ্চশিক্ষার পাশাপাশি ভবিষ্যতে অ্যানিমেশন, গেমিং, ভিএফএক্স, ডিজিটাল মিডিয়া ও অন্যান্য সৃজনশীল শিল্পে কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়বে।
প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে বর্তমানে থাকা তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও কম্পিউটার ল্যাবের পরিকাঠামো, যন্ত্রপাতি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে স্কুল শিক্ষা কমিশনার জেলার বিদ্যালয় পরিদর্শকদের কাছে চিঠি পাঠিয়েছেন। নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট স্কুলগুলিকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের আইসিটি ও কম্পিউটার ল্যাব সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষা দফতরের কাছে জমা দিতে হবে।
শিক্ষা দফতরের আশা, এই যুগোপযোগী উদ্যোগের ফলে স্কুল স্তর থেকেই পড়ুয়ারা প্রযুক্তিনির্ভর সৃজনশীল শিক্ষার সঙ্গে পরিচিত হবে। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতির চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।