
বিধানসভা নির্বাচনের মুখে ইশতেহার প্রকাশ করে একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। '১০ প্রতিজ্ঞা'-র মাধ্যমে জনকল্যাণমূলক একাধিক কর্মসূচির কথা তুলে ধরেছে তৃণমূল। এর মধ্যে সবচেয়ে নজরকাড়া উদ্যোগ ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প।
ইশতেহার প্রকাশের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগের মতোই ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু থাকবে। তবে এবার তার সঙ্গে যুক্ত হবে ‘দুয়ারে চিকিৎসা’। পাড়া ও ব্লক স্তরে ক্যাম্প করে সাধারণ মানুষের কাছে সরাসরি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর কথায়, 'যাঁরা এতদিন এই পরিষেবা দিতেন, তাঁদের অনেককে সরিয়ে দেওয়া হয়েছে। তবু কাজ থেমে থাকবে না, আরও জোরদারভাবেই চলবে।'
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই নতুন প্রকল্পটি অনেকটাই অভিষেক ‘সেবাশ্রয়’ উদ্যোগের আদলে গড়ে তোলা হতে পারে। নিজের লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়েছেন।
‘সেবাশ্রয়’-এর মাধ্যমে চোখের সমস্যা, রক্তচাপ, ডায়াবেটিস থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসা, সব ধরনের পরিষেবা দেওয়া হয়েছে। এমনকি, হৃদরোগ বা স্নায়ুর জটিল অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়েছে এই উদ্যোগে। দূরদূরান্ত থেকে মানুষ এই পরিষেবা নিতে এসেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও এই প্রকল্পের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলেন, 'সেবাশ্রয় শুধু সংখ্যা নয়, এর পিছনে রয়েছে অসংখ্য মানুষের জীবন ও গল্প। যে শিশু সময়মতো চিকিৎসা পেয়েছে, যে বয়স্ক মানুষ স্বস্তি পেয়েছেন, তাঁদের জন্যই এই উদ্যোগ।'
সব মিলিয়ে, নির্বাচনের আগে ‘দুয়ারে চিকিৎসা’-সহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে জনসংযোগ আরও মজবুত করতে চাইছে তৃণমূল। মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়ার এই কৌশল যে ভোটের অঙ্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তা স্পষ্ট।