
কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রকল্প ‘পিএম বিশ্বকর্মা যোজনা’ এবার পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে। সদ্য গঠিত বিজেপি সরকারের সবুজ সংকেতের পর রাজ্যে এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে শুক্রবার জানাল কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রক (MSME)। পাশাপাশি, বিষয়টি নিয়ে শুক্রবার রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং উন্নয়ন কমিশনার (এমএসএমই) ডঃ রজনীশ।
রাজ্যে শীঘ্রই বিশ্বকর্মা যোজনা শুরু হতে পারে এমন পূর্বাভাস আগেই মিলেছিল। গত সপ্তাহে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, রাজ্যে আয়ুষ্মান ভারত-সহ একাধিক কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হবে।
উল্লেখ্য, MSME মন্ত্রকের উদ্যোগে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হয়েছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে এই প্রকল্প কার্যকর করতে স্টেট মনিটরিং কমিটি এবং জেলা বাস্তবায়ন কমিটি গঠনের বিজ্ঞপ্তিও জারি করেছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে পিএম বিশ্বকর্মা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, উপভোক্তা চিহ্নিতকরণ, দক্ষতা উন্নয়ন এবং ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের মধ্যে প্রকল্পের প্রসার নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি MSME খাতকে আরও শক্তিশালী করতে সমন্বয় ও প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়ানোর কৌশল নিয়েও কথা হয় এই বৈঠকে।
এই যোজনার আওতায় কী কী সুবিধা পাওয়া যাবে?
বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৭.৭৯ লক্ষ কারিগর ও শিল্পী পিএম বিশ্বকর্মা প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছেন। এই যোজনার আওতায় সুবিধাভোগীরা কয়েক দিনের একটি প্রশিক্ষণ পান। প্রশিক্ষণে কাজের জন্য উন্নত দক্ষতা শেখানো হয়। এই প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড হিসেবে পাওয়া যায় দৈনিক ৫০০ টাকা। আলাদাভাবে ১৫,০০০ টাকার একটি টুলকিট ইনসেনটিভ দেওয়া হয়। এছাড়াও, স্বল্প সুদের হারে দেওয়া হয় লোন। প্রথম ঋণটি হল ১৮ মাসের জন্য ১ লক্ষ টাকা এবং এই ঋণ পরিশোধ করার পর, তাঁরা ৩০ মাসের জন্য অতিরিক্ত ২ লক্ষ টাকার ঋণ নিতে পারেন।
ড. রজনীশ বলেন, দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণ, আধুনিক সরঞ্জাম, আর্থিক সহায়তা এবং বাজারের সুযোগ বৃদ্ধিতে পিএম বিশ্বকর্মা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁর মতে, ঐতিহ্যবাহী শিল্প ও কারিগরদের সমৃদ্ধ ঐতিহ্যের কারণে পশ্চিমবঙ্গে এই প্রকল্প সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।