Advertisement

Cyclone Akvan এর শক্তি কমল, বৃষ্টি থেমে কবে থেকে পড়বে শীত শীত ভাব?

শনিবার সকালে কমবে বৃষ্টি। দুপুরের পর থেকে পরিস্থিতি ক্রমশ বদলাবে। তবে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

সাইক্লোন আকভানের আপডেট।সাইক্লোন আকভানের আপডেট।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Nov 2026,
  • अपडेटेड 4:02 AM IST
  • শক্তি হারিয়ে ফেলেছে সাইক্লোন আকভান।
  • সোমবার থেকে আর বৃষ্টি নয়।

শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় আকভান। পরিণত হয়েছে নিম্নচাপে। উত্তর এবং উত্তর-পূর্ব ওড়িশার দিকে এগোচ্ছে সেটি। এর প্রভাবে সকাল থেকে টানা বৃষ্টি কলকাতা ও সংলগ্ন জেলগুলিতে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, বৃষ্টি আর কতদিন চলবে? ওয়েদার আল্টিমার কর্ণধার তথা আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, শনিবার দুপুর থেকেই পরিস্থিতির উন্নতি হবে। ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে আকাশ। 

শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে আকভানের ল্যান্ডফল শুরু হয়েছিল। যা শেষ হয় বেলা ১টার আগে। এ দিন সকাল থেকে উপকূলের জেলাগুলি-সহ কলকাতায় ভারী বৃষ্টি হয়েছে। শনিবার সকালে কমবে বৃষ্টি। দুপুরের পর থেকে পরিস্থিতি ক্রমশ বদলাবে। তবে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার থেকে কোনও জেলাতেই আর বৃষ্টি হবে না। 

উত্তরবঙ্গের আবহাওয়া

রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় মঙ্গলবার পর্যন্ত আকাশ কখনও মেঘলা আবার কখনও আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ের মধ্যে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। অতি উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাতও হতে পারে। এরপর থেকে পরিষ্কার থাকবে আকাশ। জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। তাপমাত্রা ৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। দার্জিলিংয়ের সমতল এলাকা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং দুই দিনাজপুরে সোমবার ভোর পর্যন্ত বিক্ষিপ্ত হালকা থেকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। তাপমাত্রা ১৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

ওয়েদার আল্টিমার কর্ণধারের পূর্বাভাস, আগামী ১৮ থেকে ৩৬ ঘণ্টায় বাংলাদেশের সীমান্তবর্তী কলকাতা-সংলগ্ন জেলা এবং উপকূলবর্তী এলাকায় স্বল্প সময়ের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে সোমবারের মধ্যে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। কয়েকটি এলাকায় ঘন কুয়াশা দেখা যেতে পারে। সোমবার থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ১৬ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে। অন্য এলাকাগুলিতে মঙ্গলবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। সেখানে তাপমাত্রা ১৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে।

Advertisement

কলকাতার আবহাওয়া

রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, শনিবার দুপুরের পর থেকেই কলকাতায় বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। ধীরে ধীরে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হবে। তবে সোমবার পর্যন্ত মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামী সপ্তাহান্তে সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা কমে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশপাশেই থাকার সম্ভাবনা।

 

Read more!
Advertisement
Advertisement