
দশমীর রাতে পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে গিয়েছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তখনই হাসপাতালের অব্যবস্থা ও অপরিচ্ছান্নতা চোখে পড়ে তাঁর। সেই সময়ই তিনি সরাসরি ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে। তুলে ধরেন হাসপাতালের সমস্যার কথা। আর এই ঘটনা শোনার পরই কড়া পদক্ষেপ নিলেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর নির্দেশে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। যার ফলে একাদশীতেই হাসপাতালের এমএসভিপি সহ ৮ জনকে শো কজ করেছে স্বাস্থ্য দফতর। সেই সঙ্গে আরও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আসলে দশমীতে অভিযোগ করেন সাংসদ। আর একাদশীতেই এই অব্যবস্থা নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই বৈঠকেই তিনি হাসপাতাল পরিষ্কার করার নির্দেশ দেন বলে খবর। শুধু তাই নয়, আজ তিনি এই রাজ্যের সব মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে বৈঠক করবেন বলেও জানা যাচ্ছে।
কী জানা যাচ্ছে?
প্রাথমিকভাবে খবর মিলেছে, হাসপাতাল কর্তৃপক্ষ নিজের মতো করেই পুজোর রোস্টার বানিয়েছিলেন। স্বাস্থ্যভবন রোস্টার সম্পর্কে কিছু জানতই না। এই সময় ছুটিতে ছিলেন এমএসভিপি সহ ৬ জন নন মেডিক্যাল সুপার। এই হাসপাতালের দুই ক্যাম্পাসের দায়িত্বে ছিলেন একজন মাত্র নন মেডিক্যাল সুপার। আর এই দুই ক্যাম্পাসের দূরত্ব ৩ কিমি।
হাসপাতালের অব্যবস্থা ও অপরিচ্ছন্নতার ছবি সামনে আসার পরই অ্যাক্টিভ হয়েছে স্বাস্থ্যভবন। দ্রুত ছুটি বাতিল করা হয়েছে আধিকারিকদের। এমনকী কর্মীদেরও ছুটি ক্যানসেল করা হয়েছে।
অভিযোগ, হাসপাতালে ৩৫০-এর বেশি সাফাইকর্মী ও ওয়ার্ডবয় রয়েছেন। তারপরও দীর্ঘদিন অপরিষ্কার রয়েছে হাসপাতাল। আর এই দিকটা নিয়েই বিশেষভাবে চিন্তিত স্বাস্থ্য দফতর।
এই অবস্থায় পশ্চিমবঙ্গের সব মেডিক্যাল কলেজের পরিস্থিতি খতিয়ে দেখতে আজই বৈঠক রয়েছে। এখন দেখার সেখানে ঠিক কী কী বিষয় উঠে আসে।
মুখ খুলেছেন স্বাস্থ্যমন্ত্রী
দেবেন মাহাতো হাসপাতালের অব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতাল অত্যন্ত অপরিষ্কার অবস্থায় ছিল। অনুমতি ছাড়াই অধ্যক্ষা, এমএসভিপি এবং পাঁচ জন নন-মেডিক্যাল সুপার ছুটিতে ছিলেন। হাসপাতালে ৩৬৪ জন সাফাইকর্মী ও ওয়ার্ড বয় রয়েছেন। সাফাইয়ের সরঞ্জামও পর্যাপ্ত রয়েছে।
তিনি বলেন, 'আমাদের অনুমতি ছাড়াই পুজোর ডিউটি রোস্টার বানিয়েছিলেন এমএসভিপি। সেই রোস্টার অনুযায়ী, একজন করে সুপার দায়িত্বে ছিলেন। অথচ, দু’টি ক্যাম্পাসের মধ্যে দূরত্ব প্রায় তিন কিলোমিটার। একজন নন-মেডিক্যাল সুপারের পক্ষে কীভাবে দু’টি ক্যাম্পাসের দায়িত্ব সামলানো সম্ভব?'