
বৃহস্পতিবার ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর শঙ্কা। গতকাল কলকাতা ও সংলগ্ন এলাকায় একাধিকবার কালো মেঘ ঘনালেও শেষ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি আসেনি। ফলে গরমের জেরে নাজেহাল হচ্ছে কলকাতাবাসী। বৃহস্পতিবার কি আবহাওয়ায় কোনও বদল আসতে চলেছে? দেখে নেওয়া যাক।
কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস
আজ বৃহস্পতিবার শহর কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে IMD। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শহরে বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে দিনের তুলনায় আবহাওয়ায় কিছুটা স্বস্তি মিলতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ ২৬ মে রাত ৮টা ৩০ মিনিট থেকে ২৭ মে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ০.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও ঝড়বৃষ্টির কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে পূর্ব বর্ধমান জেলায় এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ওই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দু’টি জায়গাতেও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
এদিন উত্তরবঙ্গেও আবহাওয়ায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে IMD। পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এছাড়াও উত্তরবঙ্গের সব জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।