
ফের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট দেখেছে বঙ্গবাসী। এবার শনিবারও সেই একই পরিস্থিতি বজায় থাকতে পারে। কলকাতায় আজ কখন, কতটা বৃষ্টি হবে? দেখে নেওয়া যাক।
আজ কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাতের পূর্বাভাস অনুযায়ী, দুপুর বা বিকেল-সন্ধ্যার দিকে শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে, ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে IMD। বিশেষ করে পশ্চিমাঞ্চল ও মধ্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
কালবৈশাখীর দাপট: ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সমস্ত জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সব এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।