
প্রার্থীপদ প্রত্যাহার করছেন না। হঠাৎই নিজের সিদ্ধান্ত বদলে নিলেন মমতাপন্থী তৃণমূলের রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। যদিও সকালেই তিনি অন্য কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। নতুন করে আবার প্রতীক চেনাতে হবে। তাই তিনি আসন্ন উপনির্বাচনে লড়াই করবেন না। তবে বেলা গড়াতেই ইউটার্ন নিলেন তিনি।
রবিউলের কথায়, 'আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতো প্রার্থীপদ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখান থেকে সরে এলাম। লড়াই করব। দিদির দল করি। দিদির ভাল মন্দ মেনে চলব। দিদির পরামর্শমতো প্রার্থীপদ বহাল রাখছি।'
যদিও সকালে তিনি অন্য কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন প্রার্থীপদ প্রত্যাহার করে নিচ্ছেন। সেই সময় রবিউল বলেন, 'কর্মীদের উপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে। এত তাড়াতাড়ি নতুন সিম্বল চেনানো সম্ভব নয়। এভাবে ভোট করব কী করে। আমি কাল রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবটা জানিয়েছিলাম। উনি তা-ও বলেছিলেন নতুন প্রতীক নিয়েই নেমে পড়তে। কিন্তু এত দ্রুত মানুষকে নতুন সিম্বল চেনানো যায় নাকি! তাই আমি মনোনয়ন প্রত্যাহার করলাম।'
প্রসঙ্গত, শুক্রবারই নন্দীগ্রামের মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন তুলে নেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে দেখা করার পরই মমতা তৃণমূলের হয়ে লড়াই করবেন না বলে ঠিক করে ফেলেন তিনি। সেই মতো প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। এরপরই সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শাসক দল বিজেপি এবং নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগড়ে দেন। পাশাপাশি জানান, নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবেন। পাশাপাশি তিনি দাবি করেন, রাহুল গান্ধীর সঙ্গেও তাঁর কথা হয়েছে।
আর নন্দীগ্রামের প্রার্থী প্রত্যাহারের পরই জল্পনা শুরু হয়ে যায় রেজিনগর নিয়ে। রাজনৈতিক মহলের অনেকেই বলতে শুরু করেন, রেজিগরের প্রার্থীর মনোয়ন প্রত্যাহার শুধুই সময়ের অপেক্ষা। আর সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে আজ সকালেই মনোনয়ন প্রত্যাহার করবেন বলে জানিয়ে দেন রবিউল আলম। আর এই ঘোষণার পরই বাংলার ভোট রাজনীতি থেকে কার্যত নিশ্চিহ্ন হতে শুরু করে তৃণমূল কংগ্রেস।
তবে রবিউলের এহেন প্রার্থীপদ প্রত্যাহারের পরই ঘটনাক্রমে নতুন ট্যুইস্ট যোগ হয়। তিনি জানান, লড়াই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি প্রার্থীপদ প্রত্যাহার করবেন না। এখন দেখার তিনি এই সিদ্ধান্ত বজায় রাখেন কি না।