
Ritabrata Banerjee: 'শুধু বিদ্রোহী বিধায়করাই নন, তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদের সঙ্গেও যোগাযোগ রয়েছে।' ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূলের বেশ কয়েক জন সাংসদ তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও কারা যোগাযোগ করছেন, তা খোলসা করেননি।
এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ও MP দের 'গ্রুপ বদলে'র জল্পনা উস্কে দিয়েছিলেন।এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, 'তৃণমূলের লোকসভার অধিকাংশ সাংসদ দলবদল করতে পারেন'। সেই মন্তব্যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। এবার ঋতব্রতর বক্তব্য সেই জল্পনাই আরও উস্কে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাজ্যে তৃণমূলে এখন কার্যত দু'টি গ্রুপ। এক মূল তৃণমূল। অন্যদিকে 'বিদ্রোহী' তৃণমূল। বিরোধী দলনেতা ঋতব্রত। তবে ঋতব্রতর সেই পদপ্রাপ্তি মানতে নারাজ 'মূল' TMC। আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও চলছে বলে রাজনৈতিক সূত্রে খবর। এহেন প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
সাক্ষাৎকারে ঋতব্রত আরও দাবি করেন, বিদ্রোহী শিবিরের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। রাজ্যের রাজনৈতিক সমীকরণ আগামিদিনে আরও বদলাতে পারে বলেও ইঙ্গিত দেন।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও মুখ খুলেছেন ঋতব্রত। তিনি জানিয়েছেন, তাঁদের বিধানসভা দলের 'অ্যাডভাইজার' বা উপদেষ্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চান। অর্থাৎ, দল 'ভাগ' হলেও পরামর্শদাতা হিসেবে সেই মমতাকেই চাইছেন ঋতব্রতরা।
বিরোধী দলনেতার এই বক্তব্য নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে সাংসদ-যোগ নিয়ে ঋতব্রতর দাবি যে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, তা বলাই বাহুল্য।