
মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের নিয়মে বড় পরিবর্তন আসছে। এতদিন পরিচয়পত্র দেখিয়ে বা গোলাপি ‘জিরো টিকিট’ নিয়ে যাঁরা বিনামূল্যে বাসে ভ্রমণ করতেন, তাঁদের জন্য এবার চালু হচ্ছে নতুন ব্যবস্থা। ১ অগাস্ট থেকে নির্দিষ্ট স্মার্ট কার্ড ছাড়া আর ফ্রি-তে বাসে যাতায়াত করা যাবে না।
পশ্চিমবঙ্গে সম্প্রতি মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হয়েছে। অন্যদিকে, দিল্লিতে এই প্রকল্প বহুদিন ধরেই কার্যকর। এবার সেই প্রকল্পে বড় পরিবর্তন আনছে দিল্লি সরকার। আগামী ১ অগস্ট থেকে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডিটিসি)-র বাসে বিনামূল্যে যাতায়াত করতে হলে ‘পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড’ (Pink Sahayogi Smart Card) দেখানো বাধ্যতামূলক হবে।
বর্তমানে মহিলা যাত্রীদের যে গোলাপি রঙের ‘জিরো টিকিট’ দেওয়া হয়, তা ৩১ জুলাই পর্যন্তই বৈধ থাকবে। ডিটিসি-র জারি করা নির্দেশিকা অনুযায়ী, ১ অগস্ট থেকে আর পিঙ্ক টিকিট দেওয়া হবে না। তার পরিবর্তে শুধুমাত্র পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ডধারীরাই বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণের সুযোগ পাবেন। যাঁদের কাছে এই কার্ড থাকবে না, তাঁদের নির্ধারিত ভাড়ার টিকিট কেটে যাতায়াত করতে হবে।
কী এই পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড?
গত মার্চ মাসে একটি সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই স্মার্ট কার্ডের উদ্বোধন করেন। দিল্লির মহিলা ও রূপান্তরকামী নাগরিকদের জন্য চালু হওয়া এই কার্ড দেখতে অনেকটা মেট্রো স্মার্ট কার্ডের মতো।
কার্ডে থাকবে উপভোক্তার ছবি, একটি ইউনিক আইডি এবং আধার ও মোবাইল নম্বরের সংযোগ। এর মাধ্যমে যাত্রীর বয়স, লিঙ্গ এবং তিনি দিল্লির বাসিন্দা কি না, তা যাচাই করা যাবে।
কীভাবে ব্যবহার করতে হবে?
ডিটিসি বা দিল্লি ইন্টিগ্রেটেড মাল্টি-মোডাল ট্রানজিট সিস্টেম (DIMTS)-এর বাসে ওঠার সময় বাসের দরজার কাছে থাকা ইলেকট্রনিক রিডারে এই কার্ড ট্যাপ করতে হবে। সফলভাবে যাচাই হলেই বিনামূল্যে যাত্রার অনুমতি মিলবে।
ভবিষ্যতে আরও কাজে লাগবে
এই কার্ড ‘ওয়ান নেশন, ওয়ান কার্ড’ উদ্যোগের আওতায় তৈরি করা হয়েছে। ফলে ভবিষ্যতে দিল্লি মেট্রো এবং রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS)-সহ অন্যান্য গণপরিবহনেও এটি ব্যবহার করা যাবে।
পশ্চিমবঙ্গেও আসতে পারে একই ব্যবস্থা
সরকারি সূত্রে ইঙ্গিত, পশ্চিমবঙ্গেও খুব শীঘ্রই একই ধরনের স্মার্ট কার্ড চালু হতে পারে। বর্তমানে রাজ্যে মহিলা যাত্রীরা আধার কার্ড, ভোটার কার্ড-সহ বৈধ পরিচয়পত্র দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করছেন। ভবিষ্যতে সেই ব্যবস্থার বদলে স্মার্ট কার্ডভিত্তিক ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।