
খ্রিস্টান মিশনারি স্কুলগুলিকে কড়া বার্তা দিলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর হুঁশিয়ারি, কোনও স্কুলে ধর্ম বা রঙের ভিত্তিতে বৈষম্য কিংবা দেশবিরোধী কাজ হলে তা বরদাস্ত করা হবে না। সোমবার এক অনুষ্ঠানে ধর্মান্তরণ এবং কলকাতার একটি অভিজাত স্কুলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন তিনি। যদিও স্কুলটির নাম প্রকাশ করেননি শমীক।
তাঁর অভিযোগ, কলকাতার ওই স্কুলে বিজেপির এক মহিলা কর্মী শিক্ষকতা করেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে গেরুয়া শাড়ি পরে দেখা গিয়েছে। শমীকের দাবি, স্কুল কর্তৃপক্ষ তাঁকে গেরুয়া শাড়ি পরে পড়াতে আসতে নিষেধ করেছে। পাশাপাশি, পড়ুয়াদের সামনে পদ্মফুলের নাম উল্লেখ করতেও বারণ করা হয়েছে বলে অভিযোগ করেন। বলেন, 'আমাদের দলের এক কর্মী, যিনি শিক্ষিকা, তাঁকে বলা হয়েছে, গেরুয়া শাড়ি পরে পড়াতে আসবেন না। ছাত্রদের সামনে পদ্মফুলের নামও নেবেন না।'
ধর্মান্তকরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিজেপি সভাপতি। তাঁর দাবি, আসানসোল ও বর্ধমানে ধর্মান্তরণের ঘটনা ঘটছে। খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে তাঁর বক্তব্য, 'আপনারা নিজেদের ধর্ম নিয়ে যা করার করুন। কিন্তু মনে রাখবেন, এটা বামফ্রন্টের সরকার নয়।' এরপরই তাঁর হুঁশিয়ারি, 'পশ্চিমবঙ্গের কোনও ক্রিশ্চান মিশনারি স্কুলে যদি ভারতবিরোধী কাজ হয়, তা হলে আমরা স্কুল চলতে দেব না।' একটি স্কুলের আধিকারিকের টেবিলে পাকিস্তানের পতাকা রাখা রয়েছে বলেও অভিযোগ করেন। যদিও স্কুলটির নাম নেননি।
শমীকের এই মন্তব্যের পরেই কলকাতায় সাংবাদিক বৈঠক করে উদ্বেগ প্রকাশ করে বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিল। কাউন্সিলের সভাপতি পরিতোষ ক্যানিংয়ের অভিযোগ, গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের উপর হামলার ঘটনা ঘটেছে। বড়দিনের আগে সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাঁরা শঙ্কিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চেয়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করার কথা জানিয়েছে কাউন্সিল। তাঁদের দাবি, ৪ মে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের আগে এমন ঘটনা ঘটেনি।