
Shantiniketan Constable Shooting: গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই এনকাউন্টার। শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলকে গুলির ঘটনায় নতুন মোড়। কয়েক ঘণ্টা আগেই অভিযুক্ত রতন শেখকে গ্রেফতার করেছিল পুলিশ। তার কিছুক্ষণের ব্যবধানেই এল এনকাউন্টারের খবর।
শুক্রবার, ১৩ নভেম্বর সন্ধ্যা। শান্তিনিকেতন থানার লাইক বাজার এলাকায় অভিযুক্তকে ধরতে গিয়েছিলেন পুলিশকর্মীরা। বোলপুর-নানুর প্রধান সড়কের ধারে একটি বন্ধ বেসরকারি নার্সিংহোমের সামনে রতনের মুখোমুখি হন তাঁরা। পুলিশ সূত্রে খবর, তাঁকে ধরার চেষ্টা করতেই গুলি চালান অভিযুক্ত। কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে গুলি লাগে। তারপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান রতন।
আহত বিশ্বজিৎকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী নিজেও হাসপাতালে গিয়ে আহত পুলিশকর্মীর সঙ্গে দেখা করেন। তাঁর চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার এবং পদোন্নতির বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
রতনের বিরুদ্ধে ৩৬টি মামলা?
মুখ্যমন্ত্রীর দাবি, রতনের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে খবর নানুর, বোলপুর ও শান্তিনিকেতন থানায় তাঁর বিরুদ্ধে ১২টিরও বেশি মামলা আছে। চুরি, ডাকাতি এবং মাদক পাচারের মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ২৬ জুলাই গ্রেফতার হওয়ার পর শুক্রবার কীভাবে তিনি জামিন পেলেন, তা খতিয়ে দেখার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
চার থানার পুলিশ, তল্লাশিতে বিশেষ টিম
গুলির ঘটনার পর থেকেই বোলপুর, নানুর, কীর্ণাহার ও শান্তিনিকেতন থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছিল। বাসস্ট্যান্ড, রেলস্টেশন, হোটেল এবং জাতীয় সড়কে নজরদারি বাড়ানো হয়। রতনের গ্রামের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। তাঁর মোবাইল ফোন বন্ধ বলে জানিয়েছিলেন বীরভূমের পুলিশ সুপার।