
হাওড়া মেট্রো স্টেশনে নিরাপত্তা তল্লাশির সময় প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের রুপোর বার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে মোট সাড়ে ৬ কেজি ওজনের একাধিক রুপোর বার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া রুপোর কোনও বৈধ নথি দেখাতে না পারায় তাঁকে আটক করে পরে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)।
ঘটনাটি সোমবার দুপুর প্রায় ১টা ৩ মিনিট নাগাদ ঘটে। জানা গিয়েছে, ওই ব্যক্তি হাওড়া মেট্রো স্টেশনে প্রবেশ করে নিয়মমাফিক লাগেজ স্ক্যানারের মাধ্যমে তাঁর হ্যান্ডব্যাগ পরীক্ষা করান। স্ক্যানিংয়ের সময় ডিউটিতে থাকা আরপিএফ কর্মীদের নজরে আসে ব্যাগের ভিতরে সন্দেহজনক কিছু রয়েছে। এরপরই তাঁকে থামিয়ে ব্যাগ খুলে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ব্যাগ থেকে একাধিক রুপোর বার উদ্ধার হয়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া রুপোর মোট ওজন প্রায় ৬.৫ কেজি এবং বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা। তবে ওই ব্যক্তি রুপোর মালিকানা বা বহনের বৈধ কোনও নথি দেখাতে পারেননি।
এরপর আরপিএফ বিষয়টি গোলাবাড়ি থানার পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে এবং উদ্ধার হওয়া রুপোর বারগুলি বাজেয়াপ্ত করে।
পুলিশ এখন তদন্ত করে দেখছে, ওই রুপোর বারগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, মেট্রোকে ব্যবহার করে এর আগে একই ধরনের পাচারের ঘটনা ঘটেছে কি না, সেই দিকেও নজর দিয়েছেন তদন্তকারীরা।