Advertisement

Sourav Ganguly: সৌরভ 'দালাল' বিতর্কে BJP-কে দূরে রাখলেন সজল, সৌরভের তরফে কী প্রতিক্রিয়া?

বাংলার ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে বিজেপি নেতা সজল ঘোষ সৌরভকে ‘দালাল’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এই মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতিতে চড়েছে উত্তেজনার পারদ। সূত্রের খবর, ব্যক্তিগত সম্মানে আঘাত লাগায় বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে লিখিত অভিযোগ জানানোর উদ্যোগ নিয়েছেন ‘মহারাজ’।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও সজল ঘোষ।-ফাইল ছবিসৌরভ গঙ্গোপাধ্যায় ও সজল ঘোষ।-ফাইল ছবি
সুকমল শীল
  • কলকাতা,
  • 06 Mar 2026,
  • अपडेटेड 2:01 PM IST
  • বাংলার ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
  • সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে বিজেপি নেতা সজল ঘোষ সৌরভকে ‘দালাল’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

বাংলার ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে বিজেপি নেতা সজল ঘোষ সৌরভকে ‘দালাল’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এই মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতিতে চড়েছে উত্তেজনার পারদ। সূত্রের খবর, ব্যক্তিগত সম্মানে আঘাত লাগায় বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে লিখিত অভিযোগ জানানোর উদ্যোগ নিয়েছেন ‘মহারাজ’।

ঘটনার সূত্রপাত একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে। সেখানে সৌরভকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে সজল ঘোষের বিরুদ্ধে। বিষয়টি জানার পর আর নীরব থাকেননি বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। নিজের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে তিনি দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে প্রতিবাদ জানাতে উদ্যোগী হয়েছেন। চিঠিতে তিনি প্রশ্ন তুলেতে চান, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদকে প্রকাশ্যে এভাবে অপমান করা কতটা গ্রহণযোগ্য।

এই প্রসঙ্গে শুক্রবার bangla.aajtak.in-কে সজল ঘোষ বলেন, 'ওই মন্তব্য সম্পূর্ণ আমার ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।' বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, 'সেটা দলই বলতে পারবে। শুধু পরিশ্রমই টিকিট পাওয়ার একমাত্র মাপকাঠি নয়।'

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করা হলে, তাঁর তরফে ফোনে এক ব্যক্তি বলেন, 'দাদা এই বিষয়টিতে পরে যা বলার বলবেন।'

এদিকে এই বিতর্ককে হাতিয়ার করে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অমিত শাহকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন, 'যদি সৌরভ গঙ্গোপাধ্যায় ‘দালাল’ হন, তাহলে ২০২১ সালে তাঁর বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন কেন? দালালের বাড়িতে কেন গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী?' অভিষেকের এই মন্তব্যে বিজেপি শিবিরে অস্বস্তি আরও বেড়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, সৌরভ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁর উপস্থিতি কিংবা মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে তাঁর সঙ্গ, নানা ঘটনায় সেই সম্পর্কের ইঙ্গিত মিলেছে। ফলে বিজেপি নেতার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। যদিও বিজেপির একাংশের দাবি, এটি সজল ঘোষের ব্যক্তিগত মত, দলের অবস্থান নয়।

Advertisement

তবে সৌরভ যদি সত্যিই মোদী-শাহের কাছে অভিযোগ জানান, তাহলে বিষয়টি যে রাজ্য রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও আলোচনায় উঠে আসতে পারে, তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আবহ ঘনিয়ে আসতেই বাংলার রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা আক্রমণের মাত্রা বাড়ছে।

এই বিতর্কের মধ্যেই নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সৌরভ। খুব শিগগিরই স্টার জলসায় শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’, যার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। জানা গেছে, চলতি মাসের গোড়াতেই ইডেন গার্ডেন্সে হবে অনুষ্ঠানের গ্র্যান্ড লঞ্চ। ক্রিকেট মাঠের ‘দাদা’ এবার টেলিভিশনের মঞ্চেও নিজের দাদাগিরি দেখাতে প্রস্তুত।

 

Read more!
Advertisement
Advertisement