
South Bengal Weather Alert: রবিবার (২৬ এপ্রিল) থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত দিল India Meteorological Department। IMD কলকাতার স্পেশাল বুলেটিন অনুযায়ী, অনুকূল বায়ুপ্রবাহ হচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর সেই কারণেই আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। ফলে গরমের অস্বস্তি কিছুটা কমতে পারে। তবে ঝড়ের দাপটে সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডের উত্তর-পূর্ব অংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি, পূর্ব ভারতের উপর দিয়ে প্রবল গতির সাবট্রপিক্যাল ওয়েস্টারলি জেট স্ট্রিম সক্রিয় রয়েছে। এর জেরেই পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আজ, অর্থাৎ ২৬ এপ্রিল, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। অন্য জেলাগুলিতেও বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতা রয়েছে।
তবে ঝড়-বৃষ্টির মধ্যেও কিছু জেলায় গরম ও আর্দ্রতার অস্বস্তি বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে আগামী ২৪ ঘণ্টা গরম-আর্দ্র আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস।
২৭ এপ্রিলেও একই চিত্র থাকবে দক্ষিণবঙ্গে। নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ৫০-৬০ কিমি বেগে বইতে পারে, এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত প্রায় সব জেলাতেই বিস্তৃতভাবে ঝড়বৃষ্টি চলবে। দমকা হাওয়ার গতি ৪০-৬০ কিমি পর্যন্ত উঠতে পারে। বজ্রপাতের ঝুঁকিও থাকবে। ২ মে থেকে কিছুটা কমলেও, বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তাপমাত্রার ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বিশেষ বদল না হলেও, তার পরের চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
উত্তরবঙ্গেও একই সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।