
South Bengal Weather: সামনেই পুজো। কিন্তু তার আগেও আবহাওয়ার চোখরাঙানি। বঙ্গোপসাগরে নিম্নচাপ। ক্রমেই বাড়ছে তার শক্তি। ইতিমধ্যেই অবশ্য দক্ষিণবঙ্গে তার প্রভাব টের পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে বৃষ্টি আরও বাড়তে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। মঙ্গলবার দুপুরে প্রকাশিত IMD কলকাতার স্পেশাল বুলেটিনে এমনটাই বলা হয়েছে।
নিজেই IMD কলকাতার স্পেশাল বুলেটিন পড়ুন=>View PDF
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ। সেটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে।
এই পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বেশ বৃষ্টি হতে পারে। বিশেষত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
কোন জেলায় কত বৃষ্টি
বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে দু’-এক জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুধু বৃষ্টি নয়। সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। অন্য জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার থেকে আরও বাড়বে
আগামী বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
এই জেলাগুলির এক-দু’টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়াও থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিশেষত ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি।
২৪ সেপ্টেম্বর বৃষ্টি থামবে?
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু’-এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হাওড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় কী হবে?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল পর্যন্ত, গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। সল্টলেকে ৩ সেন্টিমিটার এবং দমদমে ২ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। ঝাড়গ্রামের লালগড়েও ৩ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে ২ সেন্টিমিটার।
২৫ সেপ্টেম্বরেও বৃষ্টি, তারপর ধীরে ধীরে কমতে পারে
আগামী ২৫ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।
২৬ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২৭ সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। ২৭ ও ২৮ সেপ্টেম্বরের মধ্যে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে।
অর্থাৎ, বৃষ্টি পুরোপুরি থামবে না। তবে ধীরে ধীরে তার দাপট কিছুটা কমতে পারে।