
Sumit Roy Encounter Fear: 'স্বামীর এনকাউন্ডার হতে পারে।' সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষ। পুলিশ হেফাজতে স্বামীর নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তাঁর আশঙ্কা, যেকোনও সময়ে এনকাউন্টারের নামে খুন করা হতে পারে স্বামী সুমিত রায়কে। এই অভিযোগ জানিয়ে শুক্রবার রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন তিনি। অভিযোগ খতিয়ে দেখে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার-সহ একাধিক পুলিশ আধিকারিককে নোটিস পাঠিয়েছে কমিশন। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সুমিত রায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। বর্তমানে একাধিক অভিযোগে তাঁকে ঘিরে তদন্ত চলছে। স্ত্রীর দাবি, নতুন কোনও মামলায় তাঁকে আবার হেফাজতে নেওয়া হতে পারে। তার পর সাজানো ঘটনার মাধ্যমে এনকাউন্টার দেখিয়ে তাঁর প্রাণ কেড়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যে সাম্প্রতিক কয়েকটি এনকাউন্টারের ঘটনাও অভিযোগপত্রে উল্লেখ করেছেন সুস্মিতা।
তাঁর অভিযোগ, হেফাজতে সুমিতের উপর মানসিক ও শারীরিক চাপ তৈরি করা হচ্ছে। তিনি স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত। ঘুমের সময়ে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে বিশেষ যন্ত্র ব্যবহার করতে হয় তাঁকে। কিন্তু সেই চিকিৎসার প্রয়োজনীয় সুবিধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকি পর্যাপ্ত বিশ্রামও মিলছে না। রাতের অন্ধকারে তদন্তের অজুহাতে তাঁকে বিভিন্ন অপরাধস্থলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও দাবি করেছেন স্ত্রী।
অভিযোগের গুরুত্ব বুঝে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস দিয়েছে কমিশন। পুলিশ সুপারকে স্পষ্ট জানানো হয়েছে, তদন্তের প্রতিটি ধাপে আইন ও মানবাধিকার মেনে চলতে হবে। অভিযুক্তের স্বাস্থ্যের কোনও ক্ষতি করা যাবে না। তাঁর সঙ্গে অমানবিক আচরণও বরদাস্ত করা হবে না। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টেয় পরবর্তী শুনানি।
উল্লেখ্য, জমি কেলেঙ্কারি মামলায় আগেও পুলিশি হেফাজতে ছিলেন সুমিত। সম্প্রতি এক মৎস্য ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শুক্রবার আদালতে তোলা হলে তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ভয় দেখানো, তোলাবাজি, চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা হয়েছে।