
চন্দননগরের আলোকসজ্জার জগতে এত দিন বাবারই পরিচিতি ছিল। এবার সেই শিল্পের সঙ্গে জুড়ছে মেয়ের নাম। বয়স মাত্র ২৬। কনভেন্ট স্কুলে পড়াশোনা করা সুশ্বেতা পালের পেশা হওয়ার কথা ছিল অন্য কিছু। কিন্তু পরিস্থিতি তাঁকে নিয়ে এসেছে আলোর কারখানায়। বাবার মৃত্যুর পর তাঁর সৃষ্টির ধারা বয়ে নিয়ে চলেছেন অক্লেশে। মায়ের সহযোগিতায় তৈরি করছেন ৩০-৪০ ফুট উঁচু আলোর কাঠামো। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সুশ্বেতা ও তাঁর কর্মীদের সৃষ্টি।
সুশ্বেতার বাবা বাবু পাল চন্দননগরের প্রতিষ্ঠিত আলোকশিল্পীদের অন্যতম ছিলেন। প্রায় ৩৫-৪০ বছরের পরিশ্রমে গড়ে তুলেছিলেন নিজের কারখানা। এমন ভিন্ন ধারার কাজের মাধ্যমেও যে লক্ষ-লক্ষ টাকার ব্যবসা দাঁড় করানো যায়, তারই প্রমাণ দিয়েছিলেন বাবু পাল। তাঁর অসুস্থতার সময় থেকেই স্ত্রী ও মেয়ে ধীরে ধীরে কাজে যুক্ত হন। পরে বাবার মৃত্যুর পর ব্যবসার সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে সুশ্বেতার উপর। নতুন প্রজন্মের এই তরুণীই এখন কারখানার কর্মী থেকে শুরু করে বড় মাপের শিল্পকর্ম তৈরির পরিকল্পনা, ব্যবসার হিসেব-নিকেশ, সবই সামলাচ্ছেন।
সত্যি বলতে, এই পেশায় মহিলাদের উপস্থিতি খুব বেশি নয়। সে বিষয়ে সুশ্বেতার বললেন, 'এই পেশায় বরাবরই পুরুষদের আধিপত্য। মহিলারা কাজ করবেন, এটা এক সময় ভাবাই যেত না। মানুষ আমাদের কাজ ভালবাসছেন, এটাই বড় প্রাপ্তি।' বাবার কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ পাননি। তবে কাজ শিখেছেন দেখে দেখে। পরে কারখানার অভিজ্ঞ কর্মীদের কাছ থেকেই রপ্ত করেছেন শিল্পের নানা কৌশল। সুশ্বেতা জানালেন, একটি সন্ধ্যার আলোকসজ্জার জন্যই বছরভর পরিকল্পনা ও পরিশ্রম করেন তাঁরা।
চন্দননগরের আলোকশিল্পও এখন বদলের পথে। সাবেকি টুনি বাল্বের জায়গা নিয়েছে এলইডি পিক্সেল, অ্যানিমেশন, মেকানিক্যাল লাইটিং এবং লেজার শো। শুধু আলোর কাজ জানলেই হয় না। তার সঙ্গে মোটরের ব্যবহার, সাধারণ ইঞ্জিনিয়ারিং, ওয়েল্ডিংয়ের জ্ঞানও লাগে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই বাবার স্বপ্নের কারখানাকে এগিয়ে নিয়ে যেতে চান সুশ্বেতা।
সুশ্বেতার মতে, আলোকসজ্জায় ডিগ্রির চেয়ে অভিজ্ঞতা এবং কল্পনাশক্তির মূল্যই বেশি। অনেক শিল্পীই মাধ্যমিকের গণ্ডি পেরোননি। অথচ তাঁদের দক্ষতা বড় বড় ইঞ্জিনিয়ারকেও অবাক করতে পারে।
চলতি বছর বিখ্যাত বাগবাজার বারোয়ারির জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় আলোকসজ্জার দায়িত্ব পেয়েছেন সুশ্বেতা। থিম ‘পুরাণ কথা’। সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল বছর ২৬-এর তরুণী ও তাঁর সংস্থার কাজ।