
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে ছ’মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা UCC চালু হবে। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতায় অশোক সিঙ্ঘলের জন্মশতবর্ষের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, উত্তরাখণ্ড ও গুজরাতের পরে পশ্চিমবঙ্গেও UCC চালু করা হবে। ধর্মান্তর রুখতে কঠোর আইন আনার কথাও জানান তিনি।
শুভেন্দু বলেন, UCC চালুর পরে ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ এবং জোর করে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে কড়া আইন আনা হবে। তাঁর দাবি, এ ক্ষেত্রে প্রশাসন কঠোর পদক্ষেপ করবে।
এদিন কলকাতায় ধর্মীয় কর্মসূচির কথাও জানান তিনি। ১৭ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২০ হাজার মানুষকে নিয়ে হনুমান চালিশা পাঠের কথা বলেন শুভেন্দু। ২৯ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে গীতা পাঠের অনুষ্ঠান।
রবিবারই নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিন ছিল। বিজেপি প্রার্থী হসিরানি রথের সমর্থনে পদযাত্রা করেন শুভেন্দু। হসিরানি তাঁর প্রয়াত ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথের মা।
সেখান থেকে ফের ২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোটের প্রসঙ্গ তোলেন তিনি। শুভেন্দুর অভিযোগ, ওই ঘটনায় তৃণমূল সরকার CID-কে ব্যবহার করে বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল। তাঁর দাবি, ভোটের আদর্শ আচরণবিধি উঠে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আগের দিনও নন্দীগ্রামে মমতার চোট নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। তাঁর দাবি, একটি মেডিক্যাল রিপোর্টে পায়ে ফ্র্যাকচারের প্রমাণ মেলেনি। বিষয়টি নিয়ে তদন্তের কথাও জানিয়েছে রাজ্য সরকার।