
শনিবার বীরভূম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তারাপীঠে পুজো দেওয়ার পর রামপুরহাটে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি।
আগামী ১০ সেপ্টেম্বর বা ২৩ ভাদ্র রয়েছে কৌশিকী অমাবস্যা। এদিন শুভেন্দু অধিকারী কৌশিকী অমাবস্যার তিথি পালন ও পুজো নিয়ে একাধিক ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, "কৌশিকী অমাবস্যাকে আরও বেশি রঙিন করে তুলতে অতিরিক্ত ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। এক্ষেত্রে অর্থ কোনও অভাব হবে না। সব দফতর কাজ কাজ করবে। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হবে।"
খুব বড় একটা ট্যুরিস্ট লজ গঠন করা হবে
শুভেন্দু অধিকারী বলেন, "জেলা শাসককে বলেছি, এখানে খুব বড় একটা ট্যুরিস্ট লজ তৈরি করতে হবে। যাতে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার এখানে কম পয়সায় থাকতে পারে। পরিকল্পনা করবেন জেলা শাসক। তারপর তৈরি করা হবে।"
মুখ্যমন্ত্রী জানান, আগামী ১০ অক্টোবরের মধ্যে পুরসভা, পঞ্চায়েত ও PWD-র আওতায় থাকা সব রাস্তা সারাই করার নির্দেশ দেওয়া হয়েছে। সিউড়ি মেডিক্যাল কলেজ-সহ দেউচা পাঁচামি ও রেলের একাধিক কাজের কথা নিয়ে আলোচনাও হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী।
কৌশিকী অমাবস্যা নিয়ে বিশেষ পরিকল্পনা
শুভেন্দু অধিকারী বলেন, "৫ কিমি পরপর বিশেষ অ্যাসিসট্যান্ট ক্যাম্প তৈরি করা হবে। সেখানে বাউলরা থাকবেন, পুলিশ বুথ থাকবে, মেডিক্যাল সহায়তা থাকবে- এই জায়গা নিয়ে আমরা ভালো ভাবে কাজ করব।"
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিকাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "এখানে যে আগুন লাগার ঘটনা ঘটেছে, তা যাতে আর না হয় সেদিকে নজর দেওয়া হবে। শুনে অবাক হলাম, হোটেলে রাতে তালা-চাবি লাগিয়ে রাখা হয়, যাতে অতিথিরা সকালে চলে যেতে না পারে...এটা তো যতুগৃহ বানিয়ে রাখা হয়েছে। এই অভ্যাসগুলো সব বদলে ফেলতে বলা হয়েছে।"