
Suvendu Attacks Abhishek Banerjee: ফলতা পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফেসবুক পোস্টে 'ডায়মন্ড হারবার মডেল'-কে কটাক্ষ করে লেখেন, সেটাই এখন 'তৃণমূলের হার-বার মডেল'-এ পরিণত হয়েছে। 'বাঘছাল পরিহিত বিড়াল' বলেও আক্রমণ করেন তিনি।
রবিবার সকাল থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগণনা শুরু হয়। প্রথম থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। পঞ্চম রাউন্ডের শেষে তিনি ৩০ হাজার ৫৬২ ভোট পান। সিপিএম প্রার্থী পান ১৬ হাজার ৪৮ ভোট। কংগ্রেস প্রার্থীর ঝুলিতে যায় ৩ হাজার ৫১০ ভোট। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান অনেকটাই পিছিয়ে পড়েন।
ফল প্রকাশের পরেই ফেসবুকে দীর্ঘ পোস্ট করেন শুভেন্দু। সেখানে তিনি ফলতার ভোটারদের ধন্যবাদ জানিয়ে লেখেন, বিজেপি প্রার্থীকে এক লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলেন তিনি। শেষ পর্যন্ত জয়ের ব্যবধান এক লক্ষ আট হাজার ছাড়িয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, 'সোনার ফলতা গড়ার জন্য আমরা দায়বদ্ধ।'
এর পরেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন শুভেন্দু। লেখেন, ক্ষমতায় থাকার সময় 'সরকারি ধন লুঠ', 'তোলাবাজি', 'সিন্ডিকেট রাজ' এবং 'থ্রেট কালচারে'র মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তীব্র আক্রমণ শানান শুভেন্দু। লেখেন, 'প্যারাসুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়া এক জালিয়াত।' তাঁর দাবি, অতীতে গণতন্ত্রের কণ্ঠরোধ করে ভোট করানো হয়েছিল। সেই কারণেই আগের নির্বাচনে তৃণমূল এই কেন্দ্রে দেড় লক্ষ ভোটে এগিয়ে ছিল, লেখেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রীর কথায়, '১৫ বছর পরে মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেয়েছেন। তাই আসল বাস্তব সামনে এসেছে।' এখানেই থামেননি শুভেন্দু। ভবিষ্যতে তৃণমূলের লড়াই 'নোটা'র বিরুদ্ধে হবে বলেও দাবি করেছেন।