
আনুষ্ঠানিকভাবে এখনও ইস্তেহার প্রকাশ করেনি রাজ্য বিজেপি। তার আগে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা যেতেই পারে 'মিনি ইস্তেহার'। তাতে বিজেপির কর্মীদের সংগ্রামী ভাতা ৫ হাজার টাকা সহ, ডিসেম্বরের মধ্যে ৬ লক্ষ যুবক-যুবতীদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা।
শুভেন্দুর কী কী প্রতিশ্রুতি?
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে, প্রধানমন্ত্রী জল জীবন যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রতি বাড়িতে ৮০ হাজার টাকা দিয়ে সোলার প্যানেল, সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী, অবসরপ্রাপ্তদের জন্য ডিএ-এরিয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শুধু তাই নয়, সপ্তম বেতন কমিশন, সীমান্তে ৪৫ দিনের মধ্যে বেড়া লাগানো, ঘুষ ছাড়া ডিসেম্বরের মধ্যে ৬ লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরি, এসএসসি-পিএসসি পরীক্ষায় চাকরির আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৫ বছর করা হবে যাতে চাকরি পরীক্ষায় বসতে পারেন।
শুভেন্দু আরও বলেন, "আমি বলছি, বিজেপির সরকার ৬ মে-র পর ১লা জুন মা-বোনেদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা দেবে। চাকরির আবেদনে কোনও এগ্জামিনেশন ফি লাগবে না। ধর্ষক নামক শব্দ মুছে দেব। যোগীজির মতো করে দেব। সন্দেশখালির প্রতিবাদী নেত্রী রেখা পাত্র, কামদুনি টুম্পা কয়াল সহ বিজেপির সব প্রতিবাদী, অত্যাচারিতরা যারা কেস খেয়েছেন প্রথম ক্যাবিনেটের পর সব তুলে দেব, কোনও বিজেপি কর্মী একদিনও জেল খেটে থাকলে সব বিজেপি কর্মী ৫ হাজার টাকা সংগ্রামী ভাতা পাবেন।"
বিজেপির ইস্তেহার প্রকাশ কবে?
এদিন ভাতার রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু। এপ্রিলের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করার কথা বিজেপির। সূত্রের খবর, ৫ এপ্রিল বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে পারে।
এছাড়াও, মহিলা এবং ছাত্রছাত্রীদের জন্য সরকারি বাসে নিখরচায় যাতায়াতের বন্দোবস্ত করতে পারে। অর্থাৎ সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলা ও পড়ুয়ারা, এমনও জল্পনা চলছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সরকারি বিদ্যালয়গুলোর মান ফেরানো, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শূন্যপদ পূরণ, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়ন এবং উচ্চশিক্ষার পরিকাঠামো সম্প্রসারণের প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি।