Advertisement

BJP-র রত্নাকে ফোন তামান্নার মায়ের, কী কথা হল? bangla.aajtak.in-কে জানালেন সাবিনা

রাজনীতিতেও যোগ দিয়েছেন দু'জনেই। ছাব্বিশের নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন দুই পৃথক দলের। তবে একজন হেরেছেন, অপরজন জিতে এখন রাজ্যের বিধায়ক। মেয়ের ন্যায়বিচার চাইতে রত্না দেবনাথের দ্বারস্থ হলেন CPIM-এর পরাজিত প্রার্থী সাবিনা ইয়াসমিন। সরাসরি ফোন করলেন তাঁকে।

রত্না দেবনাথ, তামান্নার মা রত্না দেবনাথ, তামান্নার মা
রূপসা ঘোষাল
  • কলকাতা ,
  • 04 Jun 2026,
  • अपडेटेड 6:58 PM IST
  • রত্না দেবনাথের দ্বারস্থ হলেন CPIM-এর সাবিনা ইয়াসমিন
  • মেয়ের ন্যায়বিচার চাইতে BJP বিধায়কের দ্বারস্থ
  • ফোনে কী কথা হল তাঁদের?

দু'জনেই সন্তানহারা। রাজনীতিতেও যোগ দিয়েছেন দু'জনেই। ছাব্বিশের নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন দুই পৃথক দলের। তবে একজন হেরেছেন, অপরজন জিতে এখন রাজ্যের বিধায়ক। মেয়ের ন্যায়বিচার চাইতে রত্না দেবনাথের দ্বারস্থ হলেন CPIM-এর পরাজিত প্রার্থী সাবিনা ইয়াসমিন। সরাসরি ফোন করলেন তাঁকে। কী কথা হল তাঁদের? কী আশ্বাস পেলেন BJP বিধায়কের থেকে? bangla.aajtak.in-কে জানালেন তামান্নার মা। 

কালীগঞ্জ থেকে CPIM-এর টিকিটে ছাব্বিশের নির্বাচনে লড়েন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। মেয়ের ন্যায়বিচার আদায় করে নিতে বামেদেরই সবচেয়ে উপযুক্ত দল হিসেবে তিনি মনে করেছিলেন। জানিয়েছিলেন, তাঁর লড়াইয়ে বাম নেতৃবৃন্দকেই পাশে পেয়েছেন। তবে ভোটে জিততে পারেনি সাবিনা। 

অন্যদিকে, আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ ছিলেন পানিহাটি কেন্দ্রের BJP প্রার্থী। মেয়ের ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়া রত্না বিপুল জনসমর্থন পেয়ে জিতেছেন। তিনি বিশ্বাস করেছিলেন, BJP ক্ষমতায় এলে তাঁর মেয়ের ন্যায়বিচার মিলবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আরজি কর মামলার একাধিক ফাইল খোলা হয়েছে। চলছে নানা অ্যাকশনও।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধায়ক রত্না দেবনাথকে ফোন করেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, 'আমি নিজেই ওঁকে ফোন করেছিলাম। উনি বললেন, তামান্নার বিচার যাতে হয় তা দেখবেন।' BJP সরকার তামান্নার বিচার দেবে? সাবিনা জবাবে বলেন, 'BJP বিচার দেবে না কেন, একদমই দেবে। সকলের বিচার পাইয়ে দেবে ওরা। আমি নতুন সরকারের উপর ভরসা রাখছি।'

বিধানসভায় CPIM-এর আসন সংখ্যা মাত্র ১। তবে কি CPIM-এর উপর ভরসা হারালেন কালীগঞ্জের পরাজিত বাম প্রার্থী? সাবিনা বলেন, 'কেন ভরসা হারাব? আমি যেমন পার্টি করছিলাম, তেমনই করব। CPIM-এর সঙ্গেই থাকব। কিন্তু BJP সরকারের উপর ঙরসা রাখছি, তামান্নার বিচারের জন্য।'

প্রসঙ্গত, রত্না দেবনাথ প্রার্থী হওয়ার পর অসন্তোষ তৈরি হয়েছিল বাম সমর্থকদের মনে। তিনিও প্রকাশ্যে একাধিকবার বলেছিলেন, তাঁর মেয়েকে নিয়ে রাজনীতি করেছে বামেরা। দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য, পানিহাটিরই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলতান দাশগুপ্তর মুখে শোনা গিয়েছিল , যে BJP ধর্ষকে ফুল-মালা পরিয়ে সম্বর্ধনা দেয়, তারা মেয়ের ন্যায়বিচার দেবে তা কীভাবে ভাবলেন কাকিমা! অন্যদিকে, তামান্নার মায়ের হয়ে জোরকদমে প্রচার চালিয়েছিল CPIM নেতৃত্ব। তামান্নার মা যদি CPIM-এর হয়ে ভোটে লড়তে পারে তাহলে কেন রত্না দেবনাথ BJP-র টিকিটে ভোটে দাঁড়াতে পারেন না, তা নিয়ে নেটপাড়া রীতিমতো দু'ভাগ হয়ে গিয়েছিল। এই সমস্ত বিতর্কের মাঝেই এবার নির্বাচন পরবর্তী পর্যায়ে রত্না দেবনাথকে সরাসরি মেয়ের ন্যায়বিচারের লড়াইয়ে সাহায্য চেয়ে ফোন করলেন তামান্নার মা। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement