Advertisement

গরম এখনই কমার পূর্বাভাস নেই, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?

আবহাওয়া দফতর সতর্ক করেছে, বজ্রপাতের ঝুঁকি, পাহাড়ি এলাকায় ভূমিধস, নিচু এলাকায় জল জমা, যান চলাচলে সমস্যা এবং ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2026,
  • अपडेटेड 2:55 PM IST
  • উত্তরবঙ্গের প্রায় সব জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন বজ্রঝড় ও বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
  • একইসঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় গরম ও অস্বস্তিকর আর্দ্র আবহাওয়া বজায় থাকারও আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গের প্রায় সব জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন বজ্রঝড় ও বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় গরম ও অস্বস্তিকর আর্দ্র আবহাওয়া বজায় থাকারও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকার উপর একটি ঊর্ধ্বাকাশীয় ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। এছাড়া দক্ষিণ বিহার থেকে ঝাড়খণ্ড, ওড়িশার অভ্যন্তরভাগ হয়ে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখাও সক্রিয় অবস্থায় রয়েছে। এই দুই আবহাওয়াজনিত ব্যবস্থার সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রঝড় ও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় দমকা হাওয়া বইতে দেখা গিয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের মধ্যে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহারের সিঙ্গিমারিতে, ৬ সেন্টিমিটার। এছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা-সহ একাধিক এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গেও বীরভূম, পূর্ব বর্ধমান-সহ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

২৬ মে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২৭ ও ২৮ মে-ও উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৯ মে থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া দফতর সতর্ক করেছে, বজ্রপাতের ঝুঁকি, পাহাড়ি এলাকায় ভূমিধস, নিচু এলাকায় জল জমা, যান চলাচলে সমস্যা এবং ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দু’দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে আপাতত অনেক জেলাতেই স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement