
সাজো সাজো রব বক্সা টাইগার রিজার্ভে। সেখানে নতুন বাঘিনী ছাড়া হবে শুক্রবার। ছাড়বেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজকীয় এই অনুষ্ঠান সম্পূর্ণ লাইভ সম্প্রচারিত হবে।
ঘুমপাড়ানি গুলি
ইতিমধ্যেই ঘুমপাড়ানি গুলিতে কাবু হয়ে বিহারের বাল্মিকী জঙ্গল থেকে বক্সায় এসে গিয়েছে বাঘিনী। বিশেষ বিমানে হাসিমারায় উড়িয়ে আনা হয়েছে। আপাতত তাকে রাখা হয়েছে বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজারে। তবে বাঘকে ঘুম পাড়াতে বেগ পেতে হয়েছে বনকর্মীদের। সম্প্রতি নেপাল ও বিহারে প্রবল বর্ষণের ফলে গণ্ডক নদীর জল ফুলে-ফেঁপে উঠে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। বনভূমি জলমগ্ন হয়ে পড়ায় এই অতিবৃষ্টির মাঝে বাঘিনীটির অবস্থান চিহ্নিত করা ও উদ্ধারকার্য চালানো অত্যন্ত দুঃসাধ্য হয়ে উঠেছিল। অবশেষে তাকে ট্রাঙ্কুলাইজার দিয়ে কাবু করা সম্ভব হয়।
বাঘিনীর এলাহি মেনু
VIP এই বাঘের জন্য এলাহি মেনুরও আয়োজন করা হয়েছে। পাত থাকবে সুস্বাদু হরিণ। রাখা হয়েছে বুনো শুয়োরও।
বনমন্ত্রী মনোজ ওঁরাও জানিয়েছেন, বক্সায় পৌঁছনোর পর বাঘিনীর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। আপাতত সে এনক্লোজারেই রয়েছে। তারপর তাকে খাঁচায় করে নিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের হাত দিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। নতুন পরিবেশে বাঘিনীর খাবার নিয়ে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। নজরদারির জন্য জঙ্গলে তৈরি করা হয়েছে মাচা।
জানা গিয়েছে, বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব বৃহস্পতিবারই উত্তরবঙ্গে পৌঁছবেন। এদিন তিনি রাত্রিবাস করবেন জয়ন্তীতে। এরপর শুক্রবার সকাল ৯টা-সাড়ে ৯টা নাগাদ তিনি ও মুখ্যমন্ত্রী বক্সায় বাঘিনীকে মুক্ত করবেন। যেদি সম্পূর্ণ লাইভ টেলিকাস্ট করা হবে।
বাঘিনী কোনও কারণে জঙ্গলের বাইরে বা গ্রামের দিকে চলে গেলে কী করবে বনদফতর? বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেবে বলে জানিয়েছেন মনোজ ওঁরাও। তিনি জানিয়েছেন, বক্সার জঙ্গলের জীববৈটিত্র ৮ থেকে ১০টি বাঘ থাকার উপযোগী। ফলে আগামী ৩-৪ মাসের মধ্যে আরও ৩টি বাঘ ছাড়ার পরিকল্পনা রয়েছে বক্সা টাইগার রিজার্ভে। পাশাপাশি বুনো মোষ এবং গন্ডারও ছাড়ার পরিকল্পনা রয়েছে। এখন অপেক্ষা নতুন এই অতিথি বক্সায় এসে নিজেকে কীভাবে মানিয়ে নেয়।
বক্সা বনাঞ্চলে প্রজননের মাধ্যমে স্থায়ী বাঘের সংখ্যা বৃদ্ধি করা এবং সামগ্রিক ইকো-সিস্টেম পুনরুদ্ধারের ক্ষেত্রে বিহার থেকে এই বাঘিনীকে নিয়ে আসা হল। অসম ও ভুটানের সীমান্তবর্তী এলাকা থেকে পুরুষ বাঘের ঘন ঘন যাতায়াতের সুস্পষ্ট প্রমাণ মিলেছে বক্সায়। ফলে এই বাঘিনীকে মুক্ত রাখলে প্রাকৃতিক উপায়ে প্রজননের মাধ্যমে বাঘের বংশবৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল।
জঙ্গল বন্ধ
বক্সাতে পর্যটন বন্ধ রেখেছে বন দফতর। বুধবার থেকে ৪ দিন অর্থাৎ রবিবার, ৩ তারিখ পর্যন্ত বক্সা টাইগার রিজার্ভে যেতে পারবেন না পর্যটকরা। অতিথি বাঘিনীকে সফল ভাবে জঙ্গলে ছাড়া হলে তবেই ফের জঙ্গল সাফারি চালু করা হবে বক্সায়। এই সময়ের মধ্যে যারা বেড়াতে গিয়েছেন বক্সায়, তাদের আর জঙ্গল ঘোরার সৌভাগ্য হচ্ছে না।