Advertisement

TMC: খাটের তলায় লুকোলেন তৃণমূল নেতা, টেনে বের করল পুলিশ, VIRAL VIDEO

মারমুখী জনতার হাত থেকে বাঁচতে সোজা গিয়ে খাটের তলায় ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা শহিদুল মিঞা। তাঁকে টেনে বের করলেন পুলিশ আধিকারিকরা। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

খাটের তলায় তৃণমূল নেতা খাটের তলায় তৃণমূল নেতা
Aajtak Bangla
  • মাথাভাঙা ,
  • 04 Jun 2026,
  • अपडेटेड 4:59 PM IST
  • জনতার হাত থেকে বাঁচতে খাটের তলায় তৃণমূল নেতা
  • টেনে বের করলেন পুলিশ আধিকারিকরা
  • ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

মারমুখী জনতার হাত থেকে বাঁচতে সোজা গিয়ে খাটের তলায় ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা শহিদুল মিঞা। তাঁকে টেনে বের করলেন পুলিশ আধিকারিকরা। মাথাভাঙা ১ ব্লকের জোরপার্কি গ্রাম পঞ্চায়েত এলাকার এই খবর চাউর হতেই হাসির রোল। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

জানা গিয়েছে, ওই তৃণমূল নেতা আবার পেশায় সিভিক ভলান্টিয়ারও। তাঁর বিরুদ্ধে আবাসের টাকা তছরুপের অভিযোগ রয়েছে। আর সেই টাকা আদায় করতেই তাঁর পিছু ধাওয়া করেছিলেন গ্রামবাসীরা। তাঁদের হাত থেকে বাঁচতেই সটান খাটের তলায় আশ্রয় নেন তৃণমূল নেতা। তবে শেষরক্ষা হল না। পুলিশ এসে টেনে বার করল তাঁকে। 

আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করে শহিদুল মিঞা গ্রামের একাধিক বাসিন্দার থেকে মোটা টাকা আদায় করেছিল বলে খবর। স্থানীয়দের অভিযোগ, কাটমানি দেওয়ার পরও বাড়ি পাননি তাঁরা।

গত ২৫ মে থেকে এলাকায় শহিদুলের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছিল। তাঁর বাড়ির সামনে একদল মহিলা সম্প্রতি বিক্ষোভ প্রদর্শন করেন। টাকা ফেরত চেয়ে সরব হয়েছিলেন তাঁরা। বুধবার পরিস্থিতি হাতের বাইরে চলে যায় যখন জনতার ভিড় তাঁর বাড়ির সামনে জড়ো হয়। রীতিমতো ধাওয়া করা হয় শহিদুলকে। 

জনরোষ বাড়তে শুরু করায় পরিস্থিতি বেগতিক দেখে সোজা বাড়ির ভিতর ঢুকে খাটের তলায় লুকিয়ে পড়েন শহিদুল মিঞা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। শহিদুলকে খাটের তলায় খুঁজে পায় তারা। সঙ্গে সঙ্গে তাঁকে টেনে বের করা হয়। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৫ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন শহিদুল। মোট প্রায় ৮ লক্ষ টাকা আবাসের বাড়ি দেওয়ার নাম করে তুলেছিলেন তিনি। 

ইন্ডিয়া টুডে টিভি-কে এক স্থানীয় গ্রামবাসী বলেন, 'গরিব পরিবারগুলির থেকে হাজার হাজার টাকা নিয়েছেন উনি। সরকারি বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটাও কথা রাখেননি। আমরা এখন আমাদের টাকা ফেরত চাই।'

খাটের তলা থেকে বের করে তৃণমূল নেতা শহিদুল মিঞাকে মাথাভাঙা থানায় নিয়ে যাওয়া হয়। আর্থিক তছরুপের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। 

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement