
রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই রাজ্যে অ্যাকশন মোড শুরু হয়ে গিয়েছে। প্রায়ই প্রতিদিনই কোনও না কোনও পদক্ষেপের খবর সামনে আসছে। এমনিতেই রাজ্যের পুরসভাগুলির বেনিয়মের খবর সামনে আসতেই তৎপর হয়ে উঠেছে পুলিশ-প্রশাসন। এবার পুলিশের জালে উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে পুরসভার একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দিনভর পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়ে থাকলেও সেমবার রাতে শেষমেশ তাঁকে গ্রেপ্তার করে বাদুড়িয়া থানার পুলিশ।
এদিন রাতে তদন্তে নেমে পুলিশ তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণে ত্রিপল ও একটি কম্পিউটার সেন্টার থেকে প্রচুর টাকা উদ্ধার করে। রাতেই তাঁর বাড়িতে যায় টাকা গোনার মেশিন। সূত্রের খবর, প্রায় ৭৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছে পুর চেয়ারম্যানের ‘গোপান ডেরা’ থেকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,সরকারি অনুদানের যেসব ত্রিপল সাধারণ মানুষকে না দিয়ে পার্টি অফিসে লুকিয়ে রাখার এবং পরবর্তীতে সেই ত্রিপল গুলো নিজেদের আত্মীয় স্বজনদের দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযোগ, পুরসভার একাধিক প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে ৷
এই সমস্ত টাকা একাধিক জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল বলেই মনে করছেন সাধারণ মানুষ ৷ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাদুড়িয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের একটি কম্পিউটার সেন্টারে গেটের তালা কেটে কম্পিউটার সেন্টার এর ভিতর থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করে পুলিশ ৷ সোমবার রাতে এলাকার কয়েকজন বাসিন্দা দেখতে পান, দীপঙ্করের কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রিপল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কার্যালয়ের সামনেই স্তূপ করে আগুন লাগিয়ে পোড়ানো হচ্ছিল সরকারি কাগজপত্র। সন্দেহ হতেই স্থানীয়রা খবর দেন বাদুড়িয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দীপঙ্কর ভট্টাচার্য ও তাঁর ঘনিষ্ঠরা এলাকা ছাড়েন।
অভিযোগ, দুর্যোগে বিপন্নদের জন্য বরাদ্দ ত্রিপল অবৈধভাবে মজুত করে রেখে ছিলেন বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপরই দীপঙ্করের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়। এরপরেই ঘটনা নতুন মোড় নেয়। মঙ্গলবার, ২৬ মে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
রিপোর্টারঃ তপন মণ্ডল