Advertisement

৭ জেলায় টানা ঝড়-বৃষ্টির আপডেট, ৫ জেলায় রেড অ্যালার্ট, গুমোট গরম কমবে?

রাজ্যের দুই প্রান্তেই আগামী সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পরিস্থিতির মধ্যে রয়েছে স্পষ্ট পার্থক্য। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টিতে ফুটবলে মেতেছে খুদেরা।-পিটিআইবৃষ্টিতে ফুটবলে মেতেছে খুদেরা।-পিটিআই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2026,
  • अपडेटेड 1:08 PM IST
  • রাজ্যের দুই প্রান্তেই আগামী সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
  • তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পরিস্থিতির মধ্যে রয়েছে স্পষ্ট পার্থক্য।

রাজ্যের দুই প্রান্তেই আগামী সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পরিস্থিতির মধ্যে রয়েছে স্পষ্ট পার্থক্য। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত রেহাই মিলছে না।

বর্তমানে রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা, উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত আরও একটি ঘূর্ণাবর্তের যৌথ প্রভাবে রাজ্যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। এর জেরেই উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এই পাঁচ জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে শনিবার ও রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা অতি ভারী বৃষ্টির পর্যায়ে পড়ে।

এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টি, তবে দুর্যোগ তুলনায় কম
দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের মতো ভয়াবহ পরিস্থিতি না থাকলেও আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। শনিবার ও রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রপাত-সহ ঝড়ের আশঙ্কা রয়েছে।

সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির মধ্যেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে।

Advertisement

সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের
উত্তাল সমুদ্রের কারণে বাংলা ও উত্তর ওড়িশা উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতায় আগামী কয়েক দিন আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির মধ্যেও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না।

বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২৪.০৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ থেকে ৯৮ শতাংশের মধ্যে, যার ফলে ভ্যাপসা গরমের অনুভূতি বজায় রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement