
কলকাতা-সহ রাজ্যে ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। বিশেষ করে গতকালও নেমেছে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নামলেই তার প্রভাবব হাড়েহাড়ে টের পাবে শহরবাসী। তবে এরইমধ্যে জানা যাচ্ছে নয়া আপডেট। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপর থাকা ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি এখনও অ্যাক্টিভ রয়েছে। অন্যদিকে, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নতুন ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীত আসতে বিলম্ব হতে পারে।
আজ কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে?
শুক্রবার রাতে শনিবারের জন্য কলকাতার আবহাওয়ার আগাম পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
আবহাওয়া দফতরের তরফে শুক্রবারের আপডেটে জানানো হয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই আঝ শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের সব জেলাতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন উত্তর বা দক্ষিণ কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।