Advertisement

Bally Bridge Closed: বালি ব্রিজে টানা ৪৫ দিন বাস চলবে না, বিকল্প রুট কী?

Vivekananda Setu Bali Bridge Maintenance: আজ থেকে দেড় মাসের জন্য বন্ধ বালি ব্রিজ। ঘুরিয়ে দেওয়া হল দক্ষিণেশ্বরের দিকের ৩০টি বাস রুট। কীভাবে যাবেন? কেন বন্ধ? জানুন এক নজরে।

 দেড় মাসের জন্য বন্ধ বালি ব্রিজ। দেড় মাসের জন্য বন্ধ বালি ব্রিজ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 2:28 PM IST
  • আজ থেকে দেড় মাসের জন্য বন্ধ বালি ব্রিজ।
  • ঘুরিয়ে দেওয়া হল দক্ষিণেশ্বরের দিকের ৩০টি বাস রুট।
  • কেন বন্ধ? জানুন এক নজরে।

Bali Bridge Closed news 2026: আগামী দেড় মাস অর্থাৎ প্রায় ৪৫ দিন বালি ব্রিজে(বিবেকানন্দ সেতু) চলবে সংস্কারের কাজ। সেই কারণে সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন এবং বাস চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার থেকেই এই নতুন নির্দেশিকা বলবৎ করা হয়েছে। দক্ষিণেশ্বর ও কলকাতার দিক থেকে হাওড়া, দিল্লি রোড ও বোম্বে রোডগামী প্রায় ২৫ থেকে ৩০টি রুটের বাস এই রুট দিয়ে যাতায়াত করে। আপাতত সেগুলি নিবেদিতা সেতু দিয়ে যাতায়াত করবে।

বাইক, স্কুটার এবং ছোট চারচাকা প্রাইভেট গাড়ির চলাচলে এখনই কোনও বাধা থাকছে না।

কেন বন্ধ থাকবে?
পূর্ত দফতর সূত্রে খবর, বালি ব্রিজ অত্যন্ত ব্যস্ত রুট। দীর্ঘদিন চাপ পড়তে পড়তে মূল 'ডেক স্ল্যাব' ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই স্ট্রাকচারাল ড্যামেজ এড়াতেই তড়িঘড়ি এই মেরামতের উদ্যোগ। বাস ও অন্যান্য ভারী গাড়িকে আটকাতে ৫৪ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন অ্যাপ্রোচ রোডে বিশেষ 'হাইট বার' বসানোর কাজ শুরু করেছে পূর্ত দফতর।

সম্প্রতি জেলা প্রশাসন, পূর্ত দফতর, ট্র্যাফিক পুলিশ এবং বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা সেতুর যৌথ পরিদর্শন করেন। যাত্রী ভোগান্তি কমাতে বিশেষ মিটিংও হয়। তারপরই এই ট্র্যাফিক প্ল্যান তৈরি করা হয়েছে।

টোল মকুবের দাবি
এই বালি ব্রিজ দিয়ে হাওড়া, হুগলি থেকে উত্তর ২৪ পরগনা ও কলকাতার দিকে লক্ষ-লক্ষ নিত্যযাত্রী যাতায়াত করেন। এমনিতেই এই রুটে অফিস আওয়ার্সে বেশ যানজট হয়। বাসগুলিতে বাদুড়ঝোলা ভিড় থাকে। তাঁরা যাতে আরও ভোগান্তিতে না পড়েন, তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) কাছে বাস মালিক সংগঠনের তরফে আবেদন জানানো হয়েছে, যেন নিবেদিতা সেতু ব্যবহারকারী সাধারণ দূরপাল্লার ও লোকাল বাসগুলির ক্ষেত্রে সাময়িকভাবে টোল ট্যাক্স মকুব করা হয়।

এ ছাড়া বালি হল্ট স্টেশন সংলগ্ন জাতীয় সড়কের একটি অংশকে বাস থামার এবং যাত্রী ওঠানামার জন্য ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। বালি ব্রিজ ট্র্যাফিক গার্ডের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, বালি হল্ট থেকে সাধারণ মানুষ যাতে সহজেই বিকল্প বাস ধরতে পারেন, সে দিকে পুলিশ কড়া নজর রাখবে। 'অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি'র প্রতিনিধিরা জানিয়েছেন, সেতুর দীর্ঘমেয়াদী নিরাপত্তার স্বার্থেই তাঁরা এই রুট পরিবর্তনে সম্মতি দিয়েছেন।

Advertisement

বালি ব্রিজের ইতিহাস
অনেকেই জানেন না, এই ব্রিজ ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। ১৯৩২ সালের ডিসেম্বরে হুগলি নদীর এই ঐতিহ্যবাহী বালি ব্রিজ (বিবেকানন্দ সেতু) চালু হয়। এটি হাওড়ার বালি ও উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরকে যুক্ত করে। সেই সঙ্গে ডানকুনির দিক থেকে দমদম-শিয়ালদাগামী রেলপথও এর উপর দিয়ে গিয়েছে। পরবর্তীকালে, ২০০৭ সালে এই সেতুর ওপর অত্যধিক গাড়ির চাপ কমাতে ঠিক পাশেই দ্বিতীয় আরও একটি সেতু তৈরি করা হয়। তার নাম 'নিবেদিতা সেতু'। প্রায় ৯৪ বছরের পুরোনো এই ব্রিজের স্বাস্থ্য রক্ষার্থেই এবার ডেক স্ল্যাব সংস্কারের কাজে নামল প্রশাসন। 

Read more!
Advertisement
Advertisement