
নিম্নচাপের কারণে পুজোতে বৃষ্টি হচ্ছেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ আজ সকালে কেন্দ্রীভূত হয়েছে। এটি ২২ অক্টোবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ তারিখ সকাল পর্যন্ত প্রাথমিকভাবে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপর ধীরে ধীরে উত্তর-উত্তরপূর্ব দিকে বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে দুর্গাপুজোর নবমী ও দশমীর দিন বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি হবে না। খুব হালকা থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার দার্জিলিং এবং কালিম্পঙের এক বা দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। শনিবার সপ্তমী থেকে ২৬ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ থেকে ২২ অক্টোবর অষ্টমী পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ২৩ অক্টোবর সোমবার নবমীর দিন সাধারণত মেঘলা আকাশ থাকবে। খুব হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে। বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
২৪ অক্টোবর মঙ্গলবার দশমীর দিন ও ২৫ অক্টোবর বুধবার সাধারণত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলির কিছু জায়গায়। দক্ষিণের বাকি জেলাগুলিতে সাধারণত মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে ২৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। সাধারণত মেঘলা আকাশ থাকবে। খুব হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া ও হুগলিতে। বাকি জেলাগুলির আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।