
শুক্রবার থেকে ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে শহরবাসীর। পাল্লা দিয়ে চড়ছে পারদ। গতকাল দিনভর শহর কলকাতায় দাপট দেখিয়েছে রোদ, যদিও আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাতে গরম কমবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি বেশি। তবে শনিবার গরম আরও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
জেলার আবহাওয়ার পূর্বাভাস
অন্যদিকে, IMD-র দেওয়া আপডেট বলছে, আগামী ২৪ ঘণ্টায় জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণেও। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাগুলির বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি পরিমাণেই রয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গের জন্য আগামী ২৪ ঘণ্টায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত সহ ঝড়ের সঙ্গে ৪০–৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুই জায়গায় ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, আজ দক্ষিণবঙ্গের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।