
ব্যাপক গরমে নাজেহাল শহর কলকাতার মানুষ। সকাল ৮টার পর থেকেই ভ্যাপসা আবহাওয়ার কারণে ঘাম হতে শুরু করছে। ফলে দিনভর থাকছে অস্বস্তি। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের দাপটে বাইরে বের হওয়াই মুশকিল। তবে বুধবার জেলায় জেলায় কিছুটা স্বস্তি মিলতে পারে। কারণ বিকেলের পর একাধিক জেলায় দাপট দেখাতে পারে কালবৈশাখী। অন্যদিকে, কলকাতাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সাক্ষী থাকতে পারে বলে জানা গিয়েছে।
কলকাতায় আজকের আবহাওয়ার পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকবে বলে জানিয়েছে IMD। বুধবার সকালের পূর্বাভাস অনুযায়ী, শহরের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
আজ দক্ষিণবঙ্গে এক এক জেলায় আবহাওয়া এক এক রকম হতে চলেছে। আগামী ২৪ ঘণ্টায় একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি এলাকাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সময় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্টোদিকে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার কিছু এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে।
উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
আজ উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে imd। পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সব এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এছাড়াও উত্তরবঙ্গের সব জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।