ফের দুর্যোগের পূর্বাভাস। বুধেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই রাজ্যে অস্থির আবহাওয়া। সকালে রোদ থাকলেও বিকেল গড়াতেই নামছে ঝড়-বৃষ্টি। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আবহাওয়াবিদদের মতে, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবেও এই অস্থির আবহাওয়া তৈরি হয়েছে।
শুধু আজই নয়, আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকবে দমকা হাওয়া।
উত্তরবঙ্গেও একই ছবি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিংয়েও ঝড়-বৃষ্টির দাপট দেখা যেতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।