
কালবৈশাখীর দাপটে দক্ষিণবঙ্গে গরম থেকে মিলেছে খানিকটা স্বস্তি। বুধবার সন্ধে থেকে রাত পর্যন্ত ঝড়-বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ একাধিক জেলা। আবহাওয়া দফতরের মতে, উত্তর ভারত থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলেই তৈরি হয়েছে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি।
আজ, বৃহস্পতিবারো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১ মে থেকে ৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় ঝড়-বৃষ্টি চলবে।
পাশাপাশি, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমবে না। আজ থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে ওই সব জেলায় ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
সমুদ্র পরিস্থিতিও খুব একটা স্বাভাবিক নয়। উত্তাল সমুদ্রের আশঙ্কায় আগামী ২ মে পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।