Advertisement

west Bengal 7th Pay Commission : রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন নিয়ে বড় খবর, বর্ধিত বেতনের আপডেট জানুন

সপ্তম বেতন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের প্রস্তাব ও মতামত জমা দেওয়া যাবে। কর্মরত সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং সংশ্লিষ্ট কর্মচারী সংগঠনগুলি এই সুযোগ পাবেন।

বেতন কমিশনের খবর বেতন কমিশনের খবর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Nov 2026,
  • अपडेटेड 2:29 PM IST
  • সপ্তম বেতন কমিশনের কাজ শুধুমাত্র সরকারি কর্মীদের মূল বেতন বৃদ্ধির সুপারিশের মধ্যে সীমাবদ্ধ নয়
  • অন্যদিকে, কমিশনের কাজের অগ্রগতি এবং বারবার সময়সীমা বাড়ানো নিয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলির একাংশ প্রশ্ন তুলেছে

রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন নিয়ে ফের গুরুত্বপূর্ণ আপডেট। বেতন, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়াল রাজ্য সরকার। আগে এই প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ অক্টোবর। রাজ্য সরকারের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মতামত ও প্রস্তাব জমা দিতে পারবেন রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী এবং সংশ্লিষ্ট কর্মচারী সংগঠনগুলি। নতুন করে বেশ কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানকে সপ্তম বেতন কমিশনের আওতায় আনার কারণেই এই সিদ্ধান্ত। 

কেন ফের বাড়ল সময়সীমা?

গত ২ সেপ্টেম্বর সপ্তম বেতন কমিশনের তরফে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত এবং প্রস্তাব চাওয়া হয়েছিল। সেই সময়সীমা ছিল ৩১ অক্টোবর পর্যন্ত। কিন্তু পরবর্তী সময়ে অর্থ দফতরের তরফে ৫ নভেম্বর দু'টি পৃথক রেজোলিউশন জারি করা হয়। তাতে বেশ কয়েকটি নতুন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীদের সপ্তম বেতন কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত জানানো হয়। ফলে সংশ্লিষ্ট কর্মীদেরও নিজেদের দাবি ও বক্তব্য জানানোর সুযোগ দিতে ফের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির নিয়মিত অশিক্ষক কর্মী এবং তিনটি শিক্ষা বোর্ডের কর্মীদের বেতন কাঠামো ও চাকরির শর্ত পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনকে। পাশাপাশি ১৪টি উন্নয়ন পর্ষদ-সহ আরও কয়েকটি সংস্থাকে কমিশনের আওতায় আনা হয়েছে। তবে একই সঙ্গে তিনটি সংস্থাকে এই আওতার বাইরে রাখা হয়েছে। সেগুলি হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পরিষদ এবং পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা পরিষদ।

কীভাবে জমা দেবেন মতামত?

সপ্তম বেতন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের প্রস্তাব ও মতামত জমা দেওয়া যাবে। কর্মরত সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং সংশ্লিষ্ট কর্মচারী সংগঠনগুলি এই সুযোগ পাবেন। সেক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। কমিশন শুধুমাত্র নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জমা পড়া প্রস্তাবই বিবেচনা করবে। কোনও হার্ড কপি, কাগজে লেখা আবেদন, পিডিএফ কিংবা ইমেলের মাধ্যমে পাঠানো প্রস্তাব গ্রহণ করা হবে না।

Advertisement


শুধু বেতন বৃদ্ধি নয়, আরও কোন বিষয়ে নজর কমিশনের?

সপ্তম বেতন কমিশনের কাজ শুধুমাত্র সরকারি কর্মীদের মূল বেতন বৃদ্ধির সুপারিশের মধ্যে সীমাবদ্ধ নয়। বেতন কাঠামোর পাশাপাশি বিভিন্ন ভাতা, পদোন্নতি, চাকরির শর্ত, অবসরকালীন সুযোগ-সুবিধা এবং কর্মপরিবেশের মতো বিষয়গুলিও পর্যালোচনা করা হবে। ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে পাঁচ সদস্যের পরিবারকে ভিত্তি হিসেবে বিবেচনা করার কথাও কার্যপরিধিতে উল্লেখ রয়েছে।

অন্যদিকে, কমিশনের কাজের অগ্রগতি এবং বারবার সময়সীমা বাড়ানো নিয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলির একাংশ প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, কোন কোন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীরা কমিশনের আওতায় থাকবেন, সেই তালিকা চূড়ান্ত করতে দেরি হওয়ায় কাজের প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। যদিও অন্য একাংশের মতে, নতুন করে অন্তর্ভুক্ত কর্মী ও সংগঠনগুলিকে মতামত জানানোর সুযোগ দিতে সময় বাড়ানো প্রয়োজন ছিল।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে প্রাক্তন আমলা নবীন প্রকাশের নেতৃত্বে সপ্তম বেতন কমিশন গঠন করে রাজ্য সরকার। এখন কর্মী ও সংগঠনগুলির মতামত সংগ্রহের প্রক্রিয়া চলছে। ফলে ৩০ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার পর কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। তবে নতুন বেতন কাঠামো, বেতন বৃদ্ধির হার কিংবা তা কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। 

Read more!
Advertisement
Advertisement