
এতদিন শুধু কলকাতা ও আশপাশের এলাকার মানুষই মেট্রো রেলের সুবিধা পেয়ে এসেছেন। যদিও এবার রাজ্যের অন্যান্য জেলার মানুষও মেট্রো পেতে চলেছেন। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়িতে মেট্রো চালু করা হবে। সেই মতো একটি সার্ভে করা হবে। আজকের বাজেট ভাষণে এমনটাই জানালেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
আসলে কলকাতা থেকে শুরু হয় রাজ্যের মেট্রোর যাত্রা। এরপর উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে ডালপালা মেলেছে মেট্রো। এমনকী গঙ্গার তলা থেকে হাওড়াতেও পৌঁছেছে পাতাল রেল। কিন্তু এর বাইরে আর কোনও জেলায় মেট্রোর দেখা মেলেনি। আর সেটাই রাজ্যের অন্যান্য বড় শহরের অভিযোগ ছিল।
আর ক্ষমতায় এসে সেই ক্ষোভের জায়গাতেই মলম দিল বিজেপি সরকার। আজ বাজেটে ঘোষণা করা হল, দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ির মতো জনবহুল শহরে মেট্রো রেল চালু করা হবে। সেই মতো একটি সার্ভে করা হবে। বাজেট ভাষণে এমনটাই জানালেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই খবরেই খুশির হাওয়ার এই সব জেলায়। এখন দেখার কতদিনে এই নতুন মেট্রোগুলির কাজ শুরু হয়।
বিমানবন্দরের ঘোষণাও হয়েছে
শুধু মেট্রো নয়, ও দিকে আবার নতুন এয়ারপোর্ট চালু করা হবে ঘোষণা হয়েছে। প্রথম বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন, পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর গড়া হবে। পাশাপাশি কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ করার প্রস্তাব। এই কাজে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি কলকাতা এয়ারপোর্টের উপর চাপ বাড়ছে বলেও আজকের ঘোষণায় দাবি করেন তিনি। সেই কারণে, কলকাতার উপর চাপ কমাতে দ্বিতীয় বিমানবন্দর গড়া হবে কল্যাণীতে বলেও জানালেন অর্থমন্ত্রী। আর এই খবরেই খুশির হাওয়া।
মাথায় রাখতে হবে, আমাদের রাজ্যে এখনও সবথেকে বেশি চাপ পড়ে কলকাতা বিমানবন্দরের উপর। জেলায় জেলায় সেভাবে এয়ারপোর্ট নেই। আর নতুন সরকার এসেই এই বিষয়ে জোর দিল। তাদের পক্ষ থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় নতুন এয়ারপোর্ট তৈরি করা হবে বলে জানান হল।