
পুলিশে চাকরি পাওয়ার পর সম্পর্ক অস্বীকারের অভিযোগ। এই পরিস্থিতিতে ১০ বছরের প্রেমের ছবি নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধরনা যুবকের। অভিযোগ, পুলিশের চাকরি পাওয়ার পর ১০ বছরের সম্পর্ক অস্বীকার করছেন প্রেমিকা। প্রতিবাদে বিয়ের দাবি নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ছবি সহ পোস্টার সাঁটিয়ে ধরনায় বসে পড়েছেন তিনি। ১৯ নভেম্বর সকালে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট এলাকায়।
জানা গিয়েছে, বড় শালবাড়ি এলাকার বাসিন্দা রাহুল রাভা নামে এক যুবকের সঙ্গে নাগুরহাট এলাকার এক তরুণীর প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি ওই যুবকের। কিন্তু তরুণী পুলিশে চাকরি পাওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক অস্বীকার করতে শুরু করেন বলে অভিযোগ। বর্তমানে বিয়েতেও রাজি হচ্ছেন না তিনি।
এই অবস্থায় বৃহস্পতিবার সকালে প্রেমিকার বাড়ির সামনে পৌঁছে দু'জনের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি বাড়ির দেওয়ালে সাঁটিয়ে দেন ওই যুবক। এরপর বিয়ের দাবিতে ধরনায় বসেন। যুবকের দাবি, দীর্ঘ ১০ বছরের সম্পর্কের স্বীকৃতি চান তিনি। আগে দুই পরিবারের সম্মতি থাকলেও বর্তমানে তরুণীর পরিবারের পক্ষ থেকে নানা অজুহাতে বিয়ের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।
যুবকের আরও দাবি, বৃহস্পতিবার সকালে প্রেমিকার পরিবারের সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে বাইরে চলে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে ওই যুবককে থানায় নিয়ে যায় পুলিশ।
রিপোর্টার-মনসুর হাবিবুল্লাহ