
West Bengal Health Minister: সরকারি হাসপাতালে গাফিলতি ধরা পড়লেই শাস্তি। হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। রাজ্যে সরকার পরিবর্তনের পর সরকারি স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র খতিয়ে দেখতে জেলার হাসপাতালগুলিতে পরিদর্শন শুরু করেছেন শারদ্বত মুখোপাধ্যায়(Sharadwata Mukherjee)। শুক্রবার পূর্ব মেদিনীপুর সফরে হলদিয়া মহকুমা হাসপাতাল এবং নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখেন। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলে পরিষেবার মান সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শনের পর বলেন, স্বাস্থ্য পরিষেবায় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও স্বচ্ছ চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের অগ্রাধিকার।
শুক্রবারের সফর শুরু হয় হলদিয়া মহকুমা হাসপাতাল(Haldia Hospital) থেকে। সেখানে জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং হাসপাতালের একাধিক পরিষেবা ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকদের পাশাপাশি নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে পরিষেবার বিভিন্ন দিক সম্পর্কে তথ্য নেন। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের কাছ থেকেও সরাসরি পরিষেবার কেমন জানতে চান।
এরপর নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে(Nandigram Super Speciality Hospital) যান শারদ্বত। হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনের পাশাপাশি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। কোথাও কোনও সমস্যা বা ঘাটতি রয়েছে কি না, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, জেলার দু'টি সরকারি হাসপাতাল ঘুরে দেখেছেন তিনি। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা সন্তোষজনক বলেই মনে হয়েছে। যদিও কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সেই সব সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে রোগীদের যাতে কোনও ধরনের সমস্যার মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে। হাসপাতালের পরিকাঠামো(Hospital Infrastructure), চিকিৎসা পরিষেবা, ওষুধ সরবরাহ এবং রোগী পরিষেবার প্রতিটি দিক নিয়মিতভাবে পর্যালোচনা করা হবে। কোথাও পরিষেবায় অবহেলা বা দায়িত্বে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
এদিন আগের স্বাস্থ্য দফতরের কাজ নিয়েও সমালোচনা করেন শারদ্বত। বিশেষ করে 'শেবাশ্রয়' প্রকল্প প্রসঙ্গে দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন স্তরে অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার কারণে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়েছেন। নতুন সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে জোর দিচ্ছে বলেও জানান তিনি।
সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ আরও কার্যকর করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রয়োজনীয় ওষুধ যাতে সহজেই রোগীদের হাতে পৌঁছায় এবং কোনও ঘাটতি না থাকে, সেই লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
হাসপাতাল পরিদর্শনের সময় প্রতিটি বিভাগে পরিষেবার মান বজায় রাখার নির্দেশও দেন তিনি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, রোগীদের দ্রুত, স্বচ্ছ এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই সবচেয়ে বড় দায়িত্ব। সেই লক্ষ্যেই রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালের কাজ নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবে স্বাস্থ্য দফতর। আগামিদিনেও রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতাল পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী।