Advertisement

Bengali Language: বাংলায় লিখতে হবে রাজ্যের সরকারি প্রকল্পের তথ্য, পাহাড়ে থাকবে নেপালিও

West Bengal News: রাজ্যে বিভিন্ন সরকারি প্রকল্পের ফলকে বাংলা ভাষার গুরুত্ব বাড়াতে চলেছে রাজ্য সরকার। সরকারি প্রকল্পের তথ্য বাংলায় ডিসপ্লে-র নির্দেশ দিল রাজ্য।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2026,
  • अपडेटेड 8:35 AM IST
  • রাজ্যের সমস্ত সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজের তথ্য এবার থেকে ডিসপ্লে করতে হবে বাংলাতেও।
  • এমনকি দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বাংলা ভাষার পাশাপাশি নেপালিতেও তথ্য দিতে হবে।
  • এই মর্মে রাজ্যের সমস্ত দফতরকে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্যের সমস্ত সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজের তথ্য এবার থেকে ডিসপ্লে করতে হবে বাংলাতেও। এমনকি দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বাংলা ভাষার পাশাপাশি নেপালিতেও তথ্য দিতে হবে। সম্প্রতি  এই মর্মে রাজ্যের সমস্ত দফতরকে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের এবিষয়ে বক্তব্য, সাধারণ মানুষ যাতে নিজেদের পরিচিত ভাষায় সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

কেন এই সিদ্ধান্ত?

রাজ্য সরকারের নজরে এসেছে, বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের জায়গায় একাধিক তথ্যফলক শুধুমাত্র ইংরেজিতে লেখা থাকছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং অর্থ কমিশনের অনুদানে হওয়া কাজের ক্ষেত্রেও এমন ছবি দেখা গিয়েছে। এর ফলে স্বচ্ছতা, জনজবাবদিহি এবং সামাজিক নিরীক্ষার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে মনে করছে রাজ্য।

নতুন নির্দেশিকায় কী থাকছে?

নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি প্রকল্পের কাজের জায়গায় থাকা সমস্ত তথ্যফলক, হোর্ডিং, সাইনবোর্ড, ফলক এবং  প্রকল্পের নাম, কাজের বিবরণ, আনুমানিক খরচ, অর্থের উৎস, কাজ শুরুর ও শেষের তারিখ এবং বাস্তবায়নকারী সংস্থার নাম ও যোগাযোগের তথ্য ফলকে উল্লেখ করতে হবে।

অন্যদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায়, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) -এর এলাকাগুলিতেও এই নির্দেশ কার্যকর হবে। সেখানে নেপালি ভাষায় তথ্য উল্লেখ হবে। প্রযোজ্য ক্ষেত্রে বাংলা ভাষাও যুক্ত করতে হবে।

কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্পের নির্দেশিকায় ইংরেজি বা হিন্দিতে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা থাকলে সেই ভাষাগুলিও ব্যবহার করা যাবে। তবে তথ্যফলকে বাংলা অথবা নেপালি ভাষাকেই অগ্রাধিকার দিতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ মানুষের বোঝার মতো ভাষায় তথ্য দেওয়া হলেই তথ্যের প্রচার, স্বচ্ছতা, জনজবাবদিহি এবং সামাজিক নিরীক্ষার উদ্দেশ্য সফল হবে।

একইসঙ্গে চলতি প্রকল্পের কাজের জায়গায় যেখানে এখনও কোনও তথ্যফলক নেই, সেখানে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তা বসাতে হবে। পাশাপাশি, যে সমস্ত পুরনো তথ্যফলক নতুন নির্দেশিকা মেনে তৈরি হয়নি, সেগুলিও সংশোধন করতে হবে বলে নির্দেশ দিয়েছে রাজ্য।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement