
West Bengal Police Recruitment 2026: সোমবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে ১১ হাজার ৫৯৩ জনকে নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে পুলিশবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। এটি সেই লক্ষ্যে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন। নিয়োগের পর পুজোর ডিউটিতেও নামানো হবে নতুন পুলিশকর্মীদের, জানালেন তিনি। এর পাশাপাশি থানাগুলিতে উচ্চপদস্থ আধিকারিক, ক্লার্ক ইত্যাদিও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। শীঘ্রই সেই সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশিত হবে।
মোট ১১ হাজার ৭৪৯টি কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া চলছিল। তার মধ্যে ১১ হাজার ৫৯৩ জনের চূড়ান্ত মেধাতালিকা গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হয়। নির্বাচিতদের মধ্যে ৮ হাজার ২১২ জন পুরুষ এবং ৩ হাজার ৩৮১ জন মহিলা।
পুজোর ডিউটিতে নতুন পুলিশকর্মীরা
রাজ্য পুলিশের ডিজিপি জানিয়েছেন, আপাতত ১০ হাজার ২৩৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তবে এখনও রাজ্য পুলিশে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে বলে জানান তিনি। একই কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বর্তমানে পুলিশ ফোর্সে প্রায় ৩২ হাজার পদ খালি রয়েছে বলে জানান ডিজিপি।
নতুন নিয়োগ প্রাপ্ত পুলিশকর্মীদের আগামী ১৭ তারিখ থেকে ডিউটিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেই দায়িত্ব পালনের পরে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে কোন কোন এলাকায় তাঁদের মোতায়েন করা হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট পুলিশ জেলা ও কমিশনারেটের নির্ধারিত পরিকল্পনার উপর।
মহিলা পুলিশদের জন্য বিশেষ গাড়ি, ট্রাফিকে বডি ক্যাম
শুধু নিয়োগ নয়, পুলিশের কাজের পরিকাঠামো উন্নত করার দিকেও নজর দিয়েছে রাজ্য। মহিলা পুলিশকর্মীদের জন্য পিঙ্ক আরটি মোবাইল এবং পিঙ্ক সাপোর্ট মোবাইল দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের জন্য ৩,৫০০টি বডি ক্যামেরা দেওয়ার কথাও জানিয়েছেন ডিজিপি।
নতুন দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে ডিজিপি জানান, পুলিশের পোশাকের সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশাও জড়িয়ে থাকে। তাই আইন মেনে চলা এবং আইনের প্রতি নিষ্ঠাবান থাকাই পুলিশকর্মীদের প্রধান কর্তব্য। নবনিযুক্তদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।