
আজ, বুধবার। এই দিন ভাই, দাদার কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু চাইবে বোন, দিদিরা। তাই আজকের দিনটা অবশ্যই স্পেশাল। তবে এই দিনেও আবহাওয়া নিয়ে একটা খারাপ খবর রয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় বর্ষণের সম্ভাবনা প্রবল। এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু জেলাও আজ ভিজতে পারে। যার ফলে ঠান্ডার অনুভূতি কিছুটা থাকবে কম। তবে সপ্তাহান্তে ফের শীতের অনুভূতি ফিরতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ভাইফোঁটায় দুর্যোগ সইতে হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে। বৃষ্টি হবে জেলায় জেলায়।
আসলে, আগামী ১৩ নভেম্বর, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তারপর পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। সেই সময় এটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। যার জেরে বুধবার ভাইফোঁটায় বৃষ্টি হতে পারে।
বুধবার দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে। এমনকী ভিজতে পারে কলকাতা। তবে ভারী বৃষ্টি হবে না। বরং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই প্রবল।
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলাও ভিজতে পারে।
যদিও হাওয়া বদল হতে পারে আগামী শুক্রবার থেকে। ওই দিন থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কমে যাবে বৃষ্টি। আর বৃষ্টি কমলেই নামবে তাপমাত্রা। ধীরে ধীরে শীত শীত ভাব আসবে। তখন ভেবে দেখবেন রাতে ফ্যান চালাবেন কি না।
আজ উত্তরের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে?
বুধবার বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে ভারী নয়, হালকা বর্ষণ হবে। নীচের দিকের তিন জেলাতে অবশ্যও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির আশঙ্কা কমবে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। যার ফলে ধীরে ধীরে অনেকটাই নেমে যেতে পারে তাপমাত্রা।