
পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ রুখতে একবারে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো স্কুলে স্কুলে বাল্যবিবাহ বিরোধী বিশেষ কর্মসূচি নিল রাজ্য সরকার। ২৭ নভেম্বর রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে বাল্যবিবাহ বিরোধী বিশেষ কর্মসূচি পালন করা হবে বলে জানা গিয়েছে। ওই দিন স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা বাল্যবিবাহ বিরোধী ও জোর করে বিয়ের বিরুদ্ধে শপথ নেবেন।
আসলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর একাধিকবার বাল্যবিবাহ নিয়ে কড়া পদক্ষেপর কথা বলেছেন শুভেন্দু। তিনি পড়ুয়াদের অভিভাবক ও পরিবারের অন্যান্য সদস্যদের সতর্ক থাকতে বলেছিলেন। শুধু তাই নয়, যেই পুরহিত বা কাজি বাল্যবিবাহ দেবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। এছাড়া ১৮ বছরের আগে সন্তান জন্ম দেওয়া মহিলার স্বামীর বিরুদ্ধে পকসো আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
আর মুখ্যমন্ত্রীর মুখ থেকে এহেন বার্তা পাওয়ার পরই বাল্যবিবাহ রুখতে উগ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। সেই মতো ২৭ নভেম্বর স্কুলগুলোতে পালিত হবে বাল্যবিবাহ বিরোধী বিশেষ কর্মসূচি। সেখানে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের শপথ নিতে হবে।
প্রসঙ্গত, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারও বাল্যবিবাহ রোধে উদ্যোগী হয়েছে। তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে 'বাল বিবাহ মুক্ত ভারত অভিযান'। আর সেই অভিযানের অংশ হিসেবেই পশ্চিমবঙ্গে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। বাল বিবাহ মুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে বাংলা ও ইংরেজিতে শপথবাক্য পাঠ করানো হবে।
পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিকে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এক্ষেত্রে স্কুলে স্কুলে সচেতনতামূলক পোস্টার লাগাতে হবে। সেই সঙ্গে কর্মসূচির ছবি তুলতে হবে। এরপর সেই রিপোর্ট জমা দিতে হবে জেলাশাসকের কাছে।
তবে শুধু স্কুলে স্কুলে প্রচার চালিয়েই বসে থাকছে না পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই বিয়ের মরসুমে রাজ্যজুড়ে বাল্যবিবাহ রোধে উদ্যোগী হয়েছে তারা। সেই মতো গোটা রাজ্যে ১০০ দিনের বিশেষ কর্মসূচি পালন করছে রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতর। বিভিন্ন ব্লকে ব্লকে এই কর্মসূচি চলছে।
এই প্রচারে সাধারণ মানুষকে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন করা হবে। কম বয়সে বিয়ে হলে কী সমস্যা হতে পারে, সেই বিষয়ে করা হচ্ছে সচেতন। এর পাশাপাশি এই ধরনের বিয়ের ক্ষেত্রে কী ধরনের শাস্তির বিধান রয়েছে, সেটাও জানান হচ্ছে এই কর্মসূচিতে।