
West Bengal SIR final list 2026: শনিবার বিকেলে SIR পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, 'এত বড় প্রশাসনিক প্রক্রিয়ায় কিছু ভুলভ্রান্তি হতেই পারে। তবে সব নিয়ম মেনেই নাম বাদ দেওয়া হয়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা চ্যালেঞ্জ করতে পারেন।' ২০২৬ সালের নির্বাচনের আগে এই তালিকাকে কেন্দ্র করে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আসুন এক নজরে ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে নেওয়া যাক;
১) মোট ভোটার সংখ্যা এখন কত?
চূড়ান্ত তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।
২) কত নাম বাদ গেল?
প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। এর আগে খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯। সব মিলিয়ে মোট বাদ প্রায় ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫।
৩) 'বিচারাধীন' কত?
প্রকাশিত তালিকায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ভোটারের নাম ‘বিচারাধীন’ (Adjudicated) হিসেবে চিহ্নিত। তাঁদের নথি যাচাই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি।
৪) ক'টি নতুন নাম যুক্ত হল?
৬ নম্বর ফর্মের মাধ্যমে যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। ৮ নম্বর ফর্মে যোগ হয়েছে আরও ৬ হাজার ৬৭১ নাম।
৫) প্রাথমিক সংখ্যা কত ছিল?
গত ২৭ অক্টোবরের বিজ্ঞপ্তির সময় রাজ্যে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯।
৬) ৫ লক্ষের বেশি সরকারি কর্মী
এই সংশোধন প্রক্রিয়ায়৫ লক্ষের বেশি সরকারি কর্মী, ৩৩ জন পর্যবেক্ষক এবং সুপ্রিম কোর্টের নির্দেশে ৫০১ জন বিচার বিভাগীয় আধিকারিক যুক্ত ছিলেন। রাজনৈতিক দলগুলির প্রায় ২ লক্ষ ১০ হাজার বিএলএ-ও অংশ নিয়েছিলেন।
৭) কতজনের শুনানি?
খসড়া তালিকা থেকে প্রায় ১ কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানি হয়েছে। এর মধ্যে ‘নো-ম্যাপিং’ ভোটার ছিলেন প্রায় ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬।
৮) ভবানীপুরে বড় কাটছাঁট
মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে মোট ৪৭ হাজার ১১১ নাম বাদ। খসড়ায় বাদ ছিল ৪৪ হাজার ৭৮৭, চূড়ান্ত তালিকায় আরও ২ হাজার ৩২৪। বর্তমানে বিবেচনাধীন ১৪ হাজার ১৫৪ নাম।
৯) অনলাইনে কীভাবে দেখবেন?
শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে কমিশনের ওয়েবসাইটে বিধানসভা ও বুথভিত্তিক তালিকা দেখা যাচ্ছে। এপিক নম্বর দিয়ে সার্চ করা যাবে। রাজনৈতিক দলগুলি হার্ড কপি পাচ্ছে।
১০) আপিলের সুযোগ
যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা জেলা নির্বাচন আধিকারিক (DEO)-র কাছে আপিল করতে পারবেন। কমিশনের দাবি, যেখানে ভুল হয়েছে, সেখানে সংশোধনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশ ইতিমধ্যেই পদ্ধতিগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছে। তবে কমিশনের বক্তব্য, 'এই বিপুল কর্মযজ্ঞে সামান্য ভুলকে বড় করে দেখা ঠিক নয়।'
ভোটের আগে বাংলার ভোটার মানচিত্রে এই বড়সড় বদল কি রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে? আপাতত সেই চর্চাতেই ব্যস্ত বিশেষজ্ঞরা।