
West Bengal Weather Update: ভ্যাপসা গরম থেকে স্বস্তি আজ থেকেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। টানা বৃষ্টি হতে পারে দিন কয়েক। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মায়ানমার সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটি পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সেটি উত্তর-পশ্চিম অভিমুখে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে আসবে। যে কারণে ভারী বৃষ্টি হবে এই দুই রাজ্যে।
আজ, শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ। বৃষ্টি হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থেকে খানিক স্বস্তি মিলবে। যদিও, তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী সপ্তাহে বাড়বে বৃষ্টি।
দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?
শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী কাল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়্গ্রাম, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গে বৃষ্টিপাত
উত্তরবঙ্গে আগামী দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দু'দিন পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ২ অক্টোবর থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে।