Advertisement

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া?

সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির আশঙ্কা।

উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বর্ষা?উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বর্ষা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 7:02 AM IST
  • পরপর কয়েকদিন বৃষ্টির দাপটে স্বস্তি ফিরেছে শহর কলকাতায়।
  • সোমবারের জন্য দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া যাক।
  • আজও উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির আশঙ্কা রয়েছে।

পরপর কয়েকদিন বৃষ্টির দাপটে স্বস্তি ফিরেছে শহর কলকাতায়। একটানা বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাটের হাল খারাপ হলেও, আবহাওয়া ঠান্ডা হওয়ায় অনেকেই স্বস্তি পাচ্ছেন। তবে আজ সোমবার কলকাতা-সহ রাজ্যের অন্য জেলার আবহাওয়া কেমন থাকবে? দেখে নেওয়া যাক।

সোমবারের জন্য কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

IMD-র তরফে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। দিনভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে এই প্রবণতা বেশি থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।

২০ জুন রাত ৮টা ৩০ মিনিট থেকে ২১ জুন রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৬২.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঠিক এই কারণেই গরমের হাত থেকে রেহাই মিলেছে। আজও খুব বেশি গরম অনুভূত হবে না।

সোমবারের জন্য দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আজ দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া জেলার এক বা দুই জায়গায় হালকা ঝড়েরও সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে IMD।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আইএমডি-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ ফের ভারী বৃষ্টিপাতের সাক্ষী হতে পারে উত্তরের একাধিক জেলা। আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

Advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। 

বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার এক বা দুই জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সবকটি জেলার এক বা দু'জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।

 

Read more!
Advertisement
Advertisement